আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা পিএসও-দের সরিয়ে দেওয়া হল। বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ মমতার কালীঘাটের বাড়ি থেকে পিএসও-দের সরিয়ে নেওয়া হয়েছে। এমনই জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েন। তাঁর দাবি, যেসব পিএসও বিগত ২০ বছর ধরে তৃণমূল নেত্রীর কাছে ছিলেন তাঁদের সরানো হয়েছে।
এই ঘটনার সময় মমতা ব্যানার্জি তাঁর কালীঘাটের বাড়িতে রয়েছেন বলেই ভিডিও বার্তায় জানিয়েছেন ডেরেক ও'ব্রায়েন।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ভিডিও বার্তায় জানান, তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে বর্তমানে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। ঘটনায় আতঙ্কিত ডেরেক জানিয়েছেন, মমতার কালীঘাটের বাড়ির প্রবেশপথ আটকে রাখার জন্য তিনি তাঁর গাড়িটিকে দাঁড় করিয়ে রেখেছেন।
সাংসদ সাগরিকা ঘোষ এক্স বার্তায় জানান, 'এটি অত্যন্ত উদ্বেগজনক। কেন দিদির দীর্ঘদিনের নিরাপত্তা কর্মীদের হঠাৎ প্রত্যাহার করা হল এবং কেন গভীর রাতে তাঁকে কোনও নিরাপত্তা ছাড়াই ফেলে রাখা হল? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলায় প্রতিহিংসাপরায়ণ রাজনীতির এক অবিশ্বাস্য খেলা চলছে।'