এই সময়, আলিপুরদুয়ার: ২০২৭–এর মধ্যেই শেষ হয়ে যাবে বিখ্যাত হলং বাংলো পুনর্নিমাণের কাজ। বুধবার বাংলোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। প্রায় চার কোটি টাকায় পুনর্নিমাণ হচ্ছে আলিপুরদুয়ারের এই জনপ্রিয় বনবাংলোটির।
সব ঠিক থাকলে সামনের বছর মার্চেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। এ দিন কাজ দেখতে মন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল ভাস্কর জেভি, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর কুমার বিমল-সহ বন দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক।
উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যানের কোর এলাকায় অবস্থিত এই হলং বাংলো। রাজ্য তো বটেই, দেশ–বিদেশের বহু পর্যটক, বিশিষ্ট ব্যক্তি এখানে রাত কাটিয়ে গিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু উত্তরবঙ্গ সফরে এলেই হলং বনবাংলোয় উঠতেন। ২০২৪–এ অগ্নিকাণ্ডের জেরে বাংলোটি ভস্মীভূত হয়ে যায়। এরপরে বিভিন্ন মহল থেকে বাংলোটি নতুন করে নির্মাণের দাবি উঠতে থাকে।
সেই দাবিকে মান্যতা দিয়েই চলতি বছর ফেব্রুয়ারি থেকে পুরোনো জায়গাতেই হলং বাংলো পুনর্নিমাণের কাজ শুরু করে বন দপ্তর। প্রশাসন সূত্রে খবর, নতুন বাংলোটি হবে দ্বিতল বিশিষ্ট। আধুনিক সুযোগসুবিধা যুক্ত হলেও বাহ্যিক রূপটি হবে পুরোনো বাংলোর মতোই। বনমন্ত্রী বলেন, ‘২০২৭–এর মার্চের মধ্যেই নির্মাণকাজ সম্পুর্ণ হবে।’