• টার্গেট ৩৭০ আসন, বিজেপির অপারেশন লোটাসের টার্গেট এবার সমাজবাদী পার্টি?
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টার্গেট ৩৭০ আসন জোগাড় করা! আর তাই সব অবিজেপি আঞ্চলিক দলকে খতম করার অভিযান নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। কারণ একটাই—ডিলিমিটেশন থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সংবিধান সংশোধন বিল পাশ করাতে হলে দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন দরকার সংসদে। তাই ১২ বছরের মধ্যে সবথেকে আগ্রাসী অপারেশন লোটাস মিশনে ঝাঁপিয়েছে বিজেপি। তৃণমূল অপারেশন প্রায় সমাপ্ত। এবার শিবসেনার ৭ জন এমপিকে জোটে আনার পরিকল্পনাও চূড়ান্ত রূপ ধারণ করেছে। ডিএমকে নিয়ম করে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে শুরু করেছে। ইঙ্গিত মিলছে তারা এনডিএ জোটে সরাসরি অথবা পরোক্ষভাবে যুক্ত হবে। কিন্তু এতকিছু সত্ত্বেও ৩৪৩ আসনের বেশি স্পর্শ করতে পারবে না এনডিএ জোট। তাই পরবর্তী লক্ষ্য কি সমাজবাদী পার্টি? এই জল্পনা উসকে দিয়েছেন উত্তরপ্রদশে সরকারের মন্ত্রী তথা বিজেপি জোট শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সুপ্রিমো ওমপ্রকাশ রাজভড়। বুধবার তাঁর বিস্ফোরক দাবি, অখিলেশ যাদবের কাকা রামগোপাল যাদব ইতিমধ্যেই নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। সমাজবাদী পার্টি শীঘ্রই ভাঙতে চলেছে। যদিও এই দাবিকে উড়িয়ে দিয়েছেন অখিলেশ স্বয়ং। সমাজবাদী পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, দল ভাঙার প্রমাণপত্র এভাবে অমিত শাহকে চিঠি দিয়ে আগেভাগেই জমা করে রাখবেন দলেরই সর্বোচ্চ নেতা? এরকম নির্বোধ অভিযোগ কেউ বিশ্বাস করবে? আসলে বিজেপি উত্তরপ্রদেশ নিয়ে প্রবল উদ্বেগে। তাই এসব গুজব রটানো হচ্ছে।

    বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী বিল পাশ করাতে পারেনি মোদি সরকার। ১২ বছর রাজত্বের পরও এভাবে ব্যর্থ হওয়ায় তিক্ততার স্বাদ ভুলতে পারছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আবার আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। ২০২৪ সালে লোকসভা ভোটে সেরাজ্যে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। কিন্তু বাংলা-বিহারের মতোই উত্তরপ্রদেশেও ইতিমধ্যে এসআইআর সমাপ্ত। ২ কোটির বেশি নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তাই কি এবার সমাজবাদী পার্টিকে ভাঙার পরিকল্পনা? যদিও দলের সুপ্রিমো পালটা আঙুল তুলেছেন রাজভড়ের দিকে। এক্স হ্যান্ডলে তাঁর কটাক্ষ—‘নিজের পার্টিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করুন যে, বিজেপি আপনাদের ৭৫টা আসন দেবে না ৫০টা। নাকি শুধুই আশ্বাস মিলবে। বিজেপি জোটের কাছ থেকে ৩০টি আসন পাওয়ার গুজব ছড়িয়ে উনি যে টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, সেই লোকেরা ওঁকে খুঁজে বেড়াচ্ছে।’
  • Link to this news (বর্তমান)