এবার নিশানায় সাইবার অপরাধীরা, ফের ‘পরজীবী’ তোপ প্রধান বিচারপতির
বর্তমান | ১৮ জুন ২০২৬
নয়াদিল্লি: ফের ‘পরজীবী’ শব্দের ব্যবহার প্রধান বিচারপতি সূর্য কান্তের। এবার সাইবার প্রতারণা সংক্রান্ত মামলায়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বুধবার বলেছে, সাইবার অপরাধীরা কার্যত ‘পরজীবী’। তারা প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ঘটনাচক্রে, গতমাসে অন্য একটি মামলার শুনানি চলাকালীন বেকার যুবসমাজের একটা অংশকে ‘আরশোলা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেই বিতর্কে জড়িয়েছিলেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য ছিল, ‘আরশোলার মতো এমন অনেক যুবক আছেন যাঁরা কোনো চাকরি-বাকরি পান না, পেশাদারি জগতে তাঁদের কোনো জায়গা হয় না। তাঁদের মধ্যেই কেউ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন, কেউ আরটিআই কর্মী হন, কেউ অন্য কর্মী হয়ে ওঠেন, আর সবাইকে আক্রমণ করতে শুরু করেন।’ পরে অবশ্য মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন প্রধান বিচারপতি। বলেছিলেন, দেশের যুবসমাজের প্রতি তিনি ওই মন্তব্য করেননি। যাঁরা ভুয়ো আইনি ডিগ্রি নিয়ে আইনজীবীর পেশায় যুক্ত হয়েছেন, শুধুমাত্র তাঁদেরই ‘আরশোলা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেছেন। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। প্রতিবাদ হিসাবে ‘ককরোচ জনতা পার্টি’র আত্মপ্রকাশ ইতিমধ্যেই দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।
সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খোয়ানো আম্বালার এক বয়স্ক দম্পতি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন। দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ ও সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রোণোদিতভাবে মামলা শুরু করেছিল। সাইবার অপরাধে এক অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘আপনারা সবাই পরজীবী। বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ঠকান। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সমাজের স্বার্থেই আপনাদের জেলে থাকা উচিত। এই ধরনের অপরাধ দেশজুড়ে ঘটছে।’