• ইটাহারে যাত্রীদের উদ্দেশ্যে করা হচ্ছে মাইকিং, কাল থেকে জাতীয় সড়কে দাঁড়াবে না বাস, উঠতে হবে স্ট্যান্ডে গিয়ে
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, ইটাহার: হাইওয়ে কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে জাতীয় সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি করল পুলিশ প্রশাসন। আগামী কাল, শুক্রবার থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। ইতিমধ্যে ইটাহার চৌরঙ্গী মোড়ে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে এনিয়ে মাইকিং করা হচ্ছে। এখন থেকে সরাইদিঘি মোড়ে বাসস্ট্যান্ডে দাঁড়াবে মালদহ ও রায়গঞ্জমুখী সমস্ত সরকারি ও বেসরকারি বাস। 

    ইটাহার চৌরঙ্গী মোড়ে এনবিএসটিসি’র বাস টার্মিনাস থাকলেও রায়গঞ্জ ও মালদহমুখী কোনো সরকারি ও বেসরকারি সেখানে বাস যায় না। এমনকী সরাইদিঘি মোড়ে বাসস্ট্যান্ড থাকলেও সেখানে দাঁড়ায়। শুধুমাত্র বালুরঘাট ও চাঁচলগামী বাসগুলি টার্মিনাসে আসে। স্থানীয়দের দাবি, সরকারি বাসের সঙ্গে টেক্কা দিতেই মূলত রায়গঞ্জ ও মালদহমুখী বেসরকারি বাস টার্মিনাসে প্রবেশ না করে চৌরঙ্গী মোড়ে জাতীয় সড়কের একাংশ দখল করে যাত্রী ওঠায়- নামায়। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকে, অন্যদিকে যানজট হয়। গত ১৫ জুন ইটাহার থানায় হাইওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত হয় ১৯ জুন থেকে চৌরঙ্গী মোড়ে সরকারি-বেসরকারি কোনো বাস দাঁড়াবে না। এ বিষয়ে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ মাইকিং করবে। সেই অনুযায়ী মাইকিং শুরু হয়েছে। সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে যাতে তারা জাতীয় সড়কে বাসের জন্য অপেক্ষা না করে। বুধবার রায়গঞ্জ-ফরাক্কা হাইওয়ে প্রজেক্ট হেড বিপ্লব রায় বলেন, মূলত দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণেই এমন সিদ্ধান্ত। ১৯ জুন থেকে রায়গঞ্জ ও মালদহমুখী সমস্ত ধরনের বাস ইটাহারের সরাইদিঘি বাসট্যান্ডে দাঁড়াবে। এরপর ইটাহারে সার্ভিস রোড দিয়ে বাস টার্মিনাসে প্রবেশ করে শহরের বাইরে চলে যাবে। এতে সমস্যা কমবে। জাতীয় সড়কের ওপর যাত্রী ওঠানো বা নামানো যাবে না। বাস মালিকরা রাজি হয়েছেন। ইটাহারের এক বাস মালিক মেহেবুব আলম বলেন, আমরা প্রশাসনের নির্দেশকে সম্মতি জানিয়ে ওই নির্দিষ্ট দিন থেকে বাস চালাব।  সরাইদিঘি মোড়ে এই বাসস্ট্যান্ডে দাঁড়াবে মালদহ ও রায়গঞ্জমুখী সমস্ত সরকারি ও বেসরকারি বাস। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)