• ডোমজুড়ে তৃণমূল প্রভাবিত ক্লাবে আগুন, রাজনৈতিক তরজা তুঙ্গে
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সন্ধ্যায় ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে নিবড়া ট্রাফিক অফিস সংলগ্ন একটি ক্লাবে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কোনা ফাউন্ডেশন ক্লাব নামে পরিচিত এই সংস্থাটি দীর্ঘদিন ধরেই তৃণমূল প্রভাবিত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ক্লাবের বন্ধ ঘরে আচমকা আগুন জ্বলতে দেখা যায়। অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়লে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ক্লাবঘর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশও। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ক্লাবে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, এর পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

    এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ক্লাবঘর থেকে রেফ্রিজারেটর, বিছানা সহ একাধিক আসবাব উদ্ধার হয়েছে। তা নিয়ে স্থানীয়দের একাংশের প্রশ্ন, একটি সামাজিক ক্লাবে কেন এই ধরনের জিনিসপত্র রাখা হয়েছিল? স্থানীয়দের অভিযোগ, তৃণমূল জমানায় ক্লাবের বিদ্যুতের মিটার বক্স থেকে আশপাশের কয়েকটি দোকানে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তার বদলে সংশ্লিষ্ট দোকানগুলির কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হত বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)