এবার গ্রেপ্তার উদয়ন, আবাসেই ২০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
বর্তমান | ১৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও এক প্রাক্তন মন্ত্রী। প্রভাবশালী তৃণমূল নেতাও। তিনি উদয়ন গুহ। আবাস যোজনায় কাটমানি ও তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন তিনি। কোচবিহারের এই ডাকসাইটে নেতাকে বুধবার কলকাতার ফুলবাগান এলাকার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজির অভিযোগে ভোটের ফল বেরনোর পর থেকেই তাঁকে খুঁজছিল দিনহাটা থানা। ‘নির্দিষ্ট খবরে’র ভিত্তিতেই ফুলবাগানের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাঁকে বুধবার বেলা সাড়ে ১২ নাগাদ গ্রেপ্তার করা হয়। সড়কপথে প্রাক্তন মন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালাবদলের পর উদয়নের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। সেখানে সকলেই অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য কাটমানি দিতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। পুলিশের দাবি, উদয়নবাবুর স্পষ্ট নির্দেশ ছিল, এই প্রকল্পে প্রাপকের অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে, তার ২৫ শতাংশ তাঁকে দিতে হবে। সব মিলিয়ে এ পর্যন্ত ২ হাজার ২০০ অভিযোগ জমা পড়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। কাটমানির অঙ্ক দশ কোটির উপর। তার ভিত্তিতে জালিয়াতি, প্রতারণাসহ একাধিক ধারায় কেস রুজু হয় দিনহাটা থানায়। এরসঙ্গেই থানায় অভিযোগ আসে, এলাকার ব্যবসায়ীদের থেকে একটি হাসপাতালের নাম করে টাকা তুলেছিলেন উদয়ন। এর জন্য শিশু মঙ্গল সমিতি নামে এক বেআইনি সংস্থাও তৈরি করেন তিনি। অভিযোগকারীরা জানিয়েছেন, এই সংস্থাকে সামনে রেখে উদয়নবাবু টাকা তুলেছেন। উদয়নবাবুর দাবি, ওই সমিতির পক্ষ থেকে শিশু চিকিৎসার জন্য ‘পিআইসিইউ’ খোলা হয়েছে দিনহাটা হাসপাতালে। ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ‘অনুদান’ এখানেই বিনিয়োগ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের দাবি, বাস্তবে এই ‘তোলাবাজি’র টাকার পাঁচ শতাংশও খরচ হয়নি। এমনকি সমিতির পক্ষ থেকে যে বিল কাটা হত, তাতে ব্যবসায়ীদের থেকে নেওয়া টাকা কমিয়ে লেখা থাকত বলে অভিযোগ। পুলিশ বলছে, ব্যবসায়ীদের থেকে তোলা টাকার কোনো হিসাব নেই। তাঁদের অভিযোগের ভিত্তিতেই প্রতারণা, তোলাবাজি সহ আরও একটি আলাদা কেস রুজু হয়। দু’টি মামলাতেই মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে উদয়ন গুহর। তদন্তে উঠে এসেছে, আবাসের টাকা তোলার জন্য তিনি একটি সিন্ডিকেট করেছিলেন জেলায়। তারাই তোলাবাজি চালাত। বাড়ি বা জমির অস্তিত্ব না থাকলেও আবাসের নামে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল এই টাকা রাখার জন্য। তদন্তে নেমে জেলা পুলিশ জেনেছে, ২০২১ সালে বিধানসভা ভোটের পর কোচবিহারে একাধিক বিজেপি নেতা আক্রান্ত হন। বাড়ি ভাঙচুর করা হয়। গোটা ঘটনায় প্রাক্তন এই মন্ত্রীর হাত ছিল বলে অভিযোগ। সেইসব নিয়ে এবার আলাদা তদন্ত শুরু করবে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ প্রাক্তন এই মন্ত্রীর খোঁজ শুরু করে। বেশ কয়েকবার তাঁর বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, উদয়নবাবু দিনহাটায় নেই। ভোটের ফল প্রকাশের পর কলকাতাতেই থাকছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর নতুন মোবাইল নম্বর জোগাড় করে পুলিশ জানতে পারে, ফুলবাগান এলাকায় নিজের ফ্ল্যাটেই রয়েছেন তৃণমূলের এই প্রাক্তন মন্ত্রী। তারপরই বুধবার বেলা ১২টা নাগাদ ফুলবাগান থানায় পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর গাড়িতে উদয়নকে দিনহাটা নিয়ে যাওয়া হয়। এই গ্রেপ্তারি প্রতিহিংসার কারণে? উত্তরে উদয়ন বলেন, ‘যাঁরা করেছেন, তাঁরা বলবেন।’