• খাতড়া, গাজোল ও চাঁচল হচ্ছে পুরসভা
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার সংখ্যা বাড়তে চলেছে রাজ্যে। তৈরি হতে চলেছে অন্তত তিনটি পুরসভা। বাঁকুড়ার খাতড়া, মালদহের চাঁচল ও গাজোলকে পুরসভায় উন্নীত করার জন্য তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। বিষয়টি শুধুমাত্র আলোচনার স্তরে আটকে নেই। পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সম্প্রতি বাঁকুড়া এবং মালদহ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এই তিন এলাকার আয়তন ও জনসংখ্যাসহ মোট ১০ দফা তথ্য জানতে চাওয়া হয়েছে। 

    সূত্রের খবর, ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ মিউনিসিপাল আইন অনুযায়ী এই তিনটি জায়গায় পুরসভা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনও সেই মতো রাজ্যের চেয়ে পাঠানো সমস্ত তথ্য একত্রিত করার কাজ শুরু করে দিয়েছে। ফলে শীঘ্রই এ সংক্রান্ত সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন এই তিনটি পুরসভা হয়ে গেলে রাজ্যে মোট পুরসভার সংখ্যা দাঁড়াবে ১৩১। 

    জনবহুল এবং প্রায় শহর হয়ে ওঠা রাজ্যের বেশ কিছু পঞ্চায়েত এলাকাকে পুরসভায় উন্নীত করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য সরকারের এই বার্তা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। ফলে আরও একাধিক পঞ্চায়েত এলাকাকে পুরসভা করতে চেয়ে পুরদপ্তরে প্রস্তাব আসতে চলেছে বলে মত প্রশাসনিক মহলের। একমাত্র জেলাস্তর থেকে প্রাথমিক প্রস্তাব আসার পরই প্রস্তাবিত পুরসভা সংক্রান্ত তথ্য চেয়ে পাঠাতে পারে দপ্তর। শুধু তিনটি নয়, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই রাজ্যের তরফে নতুন পুরসভা গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে। তবে গোটা বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ। তাছাড়া, নতুন পুরসভা গঠনের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ খরচও করতে হবে রাজ্যকে। তাই আইনি দিকগুলির পাশাপাশি অর্থদপ্তরের ছাড়পত্রের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের। 

    প্রসঙ্গত, ২০১৪ সালে পূর্বতন সরকারের আমলেই রাজ্যের ১১ জেলায় নতুন ২২টি পুরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকা চিহ্নিতকরণও হয়ে গিয়েছিল। এর মধ্যে ফালাকাটা, বুনিয়াদপুর এবং ময়নাগুড়িকে ২০২০-২১ সালে পুরসভায় উন্নীত করে আগের সরকার। নানা কারণে বাকি ১৯টি পুরসভা গঠন সম্ভব হয়নি। তার মধ্যেই রয়েছে খাতড়া, চাঁচল এবং গাজোলের নাম। অর্থাৎ, গত সরকারের আমলে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, নতুন সরকারের সময় তার বাস্তবায়ন হতে চলেছে। 

    প্রশাসনের একাংশের ব্যাখ্যা, রাজ্যের অধিকাংশ পুরসভাই নিজেদের খরচ চালানোর জন্য সরকারের বরাদ্দের উপর নির্ভর করে থাকে। পুরসভাগুলির নিজস্ব আয় বৃদ্ধির চেষ্টা একাধিকবার বিফল হয়েছে। এই আবহে পুরসভার সংখ্যা আরও বাড়াতে চলেছে রাজ্য। সেক্ষেত্রে সরকার কীভাবে এতগুলি পুরসভার আর্থিক খরচ সামাল দেয়, তার জন্য নতুন কোনো পন্থা অবলম্বন করে কি না, সেদিকে নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। 
  • Link to this news (বর্তমান)