• মেসি কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • তিন বার হাজিরা এড়ানোর পরে অবশেষে মেসি কাণ্ডে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ। মেসি কাণ্ডে একের পরে এক নোটিস দেওয়া হলেও থানায় হাজিরা দেননি অরূপ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, হাজিরা দিতেই হবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। অবশেষে থানায় তিনি।

    ২০২৫ সালের ১৩ ডিসেম্বর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য গ্রেপ্তার হয়েছিলেন ভারতে মেসিকে আনার কারিগর শতদ্রু দত্ত। যদিও সেই সময়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। তবে সরকারে তৃণমূল থাকায় সে নিয়ে বেশি নাড়াচাড়া হয়নি।

    তবে ৪ মে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই মেসি কাণ্ড নয়া মোড় নেয়। অরূপের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু, মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় তৃণমূল জমানায় যিনি ৩৮ দিন জেল খাটেন। বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানান শতদ্রু।

    এর পরেই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য বার বার নোটিস দিতে থাকে পুলিশ। অরূপও কোনও না কোনও কারণ দেখিয়ে হাজিরা এড়াতে থাকেন। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়।

    গত ১০ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে সেই মামলার শুনানি হয়। শতদ্রুর FIR-এর উপরে অরূপকে ১৭ অগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় আদালত। তবে আদালত স্পষ্ট জানায়, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।

  • Link to this news (এই সময়)