আজকাল ওয়েবডেস্ক: পেটের দায়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েই কাল হল। বাঘের আক্রমণে মৃত্যু হল ভুবনেশ্বরী গৌরের চকের মৎস্যজীবী মহিলা বন্দনা দাসের। স্থানীয় সূত্রে খবর, রবিবার গৌরের চক সংলগ্ন সুদীর দাসের ঘাট থেকে স্বামীর সঙ্গে নৌকা নিয়ে কলস ফুলবাড়ি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন বন্দনা দেবী। নৌকায় রান্নার সময় আচমকা পিছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। বন্দনা দেবীকে টেনে নিয়ে যেতে থাকলে স্বামী চিৎকার শুরু করেন। পাশে থাকা অন্য মৎস্যজীবীরাও চেঁচামেচি করলে বাঘ তাঁকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় বন্দনা দেবীকে উদ্ধার করে দ্রুত জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কুলতলী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
উনুন জ্বলছিল নৌকায়। তার পাশেই শেষ হয়ে গেল এক মৎস্যজীবী পরিবারের বাঁচার লড়াই। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। ফের বাঘের হামলায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের জঙ্গলজীবীদের মধ্যে।