বাজেট অধিবেশন শুরুর আগেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিধায়কদের আসন বিন্যাস নিয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান করল বিধানসভা সচিবালয়। সূত্রের খবর, বিদ্রোহী তৃণমূল ও তৃণমূল বিধায়কদের পাশাপাশি বসার ব্যবস্থা করা হয়েছে।
আসন বিন্যাস অনুযায়ী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান প্রথম সারিতে বসবেন। তাঁদের সঙ্গে একই সারিতে থাকবেন প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিকে, বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে হাইকোর্টে এখনও কোনও নির্দেশ না দেওয়ায় আপাতত ঋতব্রত শিবিরকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হচ্ছে না। যদিও ঋতব্রতের দাবি, প্রয়োজন হলে বিধানসভাতেই সংখ্যার নিরিখে তাঁরা যে প্রকৃত তৃণমূল তা প্রমাণ করতে প্রস্তুত। দলে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা অব্যাহত।
বিদ্রোহী বিধায়কদের একাংশ এনসিপিআইতে যোগদানের পক্ষে মত দিলেও অধিকাংশই সেই প্রস্তাবের বিরোধিতা করছেন। ফলে সাংসদদের কেউ এনসিপিআই-তে যোগ দিলেও বিদ্রোহী বিধায়কদের সেই পথে হাঁটার সম্ভাবনা কম বলেই রাজনৈতিক মহলের ধারণা। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, আপাত আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যপাল আর.এন. রবির ভাষণের মাধ্যমে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই বিধানসভায় জোর প্রস্তুতি শুরু হয়েছে।