মেসি কাণ্ডে আইনি চাপে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবার নতুন বিতর্কের জন্ম দিলেন। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয়ে তিনি এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার দাবি জানিয়েছেন।
চিঠিতে অরূপের দাবি, দলের ভিতরে বর্তমানে চরম অস্থিরতা চলছে। একদিকে একাধিক সাংসদ দল ছেড়েছেন, অন্যদিকে কয়েকজন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলেদলের প্রকৃত কর্তৃত্ব কার হাতে রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় তহবিলের অপব্যবহার রুখতেই সমস্ত আর্থিক লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি।
অরূপ আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁর স্বাক্ষর করা পুরনো চেকের অপব্যবহার হতে পারে। তাই দলীয় নেতৃত্ব সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে কোনও ধরনের লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে অরূপের এই দাবিকে ঘিরে নতুন প্রশ্ন উঠেচে। কারণ, দলের পুরনো কমিটিতে তিনি কোষাধ্যক্ষ থাকলেও ভোট-পরবর্তী নতুন কমিটিতে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। ফলে বর্তমানে অরূপ আদৌ নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করতে পারেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও দলীয়ভাবে শুভাশিসকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়েছে, ব্যাঙ্কের সাইনিং অথরিটি পরিবর্তন করা হয়েছি কি না, তা স্পষ্ট নয়।
রাজনৈতিক মহলের মতে, এমন এক সময়ে অরূপের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময় দলীয় সংগঠনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহ ও ভাঙনের আবহে দলের আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় নেতৃত্বের জন্য নতুন অস্বস্তি তৈরি হতে পারে।
ফলে এখন নজর ব্যাঙ্কের সিদ্ধান্তের দিকে। পাশাপাশি রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে, এই পদক্ষেপ কি শুধুই আর্থিক নিরাপত্তার প্রশ্ন, না কি ভবিষ্যতের কোনও রাজনৈতির অবস্থান পরিবর্তনের ইঙ্গিত?