• হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা পাশে নেই প্রভাবশালী নেতা-মন্ত্রীরা
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জুন ২০২৬
  • বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথমবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার ধর্মতলার লেনিন মূর্তি থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মিছিল শেষে সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনও বক্তব্য না রেখে সেখান থেকে বেরিয়ে যান মমতা।

    রাজ্যে বেআইনি দখলদারি ও হকার উচ্ছেদের বিরুদ্ধে চলা প্রশাসনিক অভিযানের প্রতিবাদেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তৃণমূলের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এর পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারের বিষয়টিও মিছিলের অন্যতম প্রতিবাদী ইস্যু ছিল।

    হকার উচ্ছেদ ঘিরে ইতিমধ্যে জোর প্রতিরোধ গড়ে তুলেছে বাম কর্মী-সমর্থকরা। পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদকে ঘিরে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে বামেরা। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করতে এদিন রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে মিছিলে তুলনামূলক কম উপস্থিতি।

    ভোটে পরাজয়ের পর থেকে তৃণমূলের সাংগঠনিক অস্থিরতার মধ্যেই এই মিছিল অনুষ্ঠিত হল। একসময় মমতার পদযাত্রায় যে বিপুল জনসমাগম দেখা যেত, বুধবার তার ছাপ দেখা যায়নি। অতীতে যেখানে তৃণমূল নেত্রীর ডাকে যে সমস্ত প্রভাবশালী বা হেভিওয়েট নেতা, মন্ত্রী ও তারকাদের সামনের সারিতে দেখা যেত, এদিন সেই চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। এদিন সামনের সারিতে কুণাল ঘোষ, মদন মিত্র ও দোলা সেন-সহ কয়েকজন নেতাকে দেখা গেলেও দলের অনেক পরিচিত মুখ অনুপস্থিত ছিলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)