• ডিমের আঘাত থেকে বাঁচতে হাইকোর্টে ছুটলেন কল্যাণ
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জুন ২০২৬
  • ২৬ এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। সাংসদ থেকে বিধায়ক কাউন্সিলর থেকে পঞ্চায়েত প্রতিনিধি একে একে সকলেই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে পা বাড়িয়ে বসে আছেন। কিন্তু দুর্নীতি কোথায় যাবে? বিগত ১৫ বছরের শাসনকালে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসছে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী বিধায়ক থেকে কাউন্সিলরের বিরুদ্ধে। কোথায় না দুর্নীতি হয়েছে ? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, থেকে আবাস সর্বত্রই হয়েছে দুর্নীতি। ১০০ দিনের কাজ থেকে শিক্ষক নিয়োগ, কয়লা পাচার থেকে আবাস যোজনা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি যার জেরে ১৫ বছরের সরকারের পতন ঘটেছে বাংলায়।

    রাজ্যে পালা বদলের পর থেকেই বর্তমানে বিরোধী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে বিধায়ক নেতা থেকে প্রাক্তন মন্ত্রী কেউই বাদ পড়ছেন না ডিম থেরাপি থেকে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে একের পর এক ডিম থেরাপির ঘটনা ঘটছে। শুরুটা হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে দেখা করতে যাবার সময় তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল ডিম। আর সেই থেকেই রাজ্যজুড়ে চলছে ডিম থেরাপি।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয়েছে কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। প্রত্যেককেই মুখোমুখি হতে হয়েছে ডিম থেরাপির। বিধাননগরের কাউন্সিলর সব্যসাচী দত্ত থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এছাড়াও গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের দুর্দিনে পাশে থাকা বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছিল। এ বিষয়ে তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও পথে-ঘাটে একা বেরতে ভয় পাচ্ছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন ভবানীপুর বিধানসভা নির্বাচনের গণনায় কারচুপি নিয়ে ইলেকশন পিটিশন দাখিল করতে। কিন্তু তিনি আসার খবর কোনোভাবেই ছড়াতে চাননি। নিশ্চুপভাবে এক কথায় বলা যায় চুপিসারেই কলকাতা হাইকোর্টে এসেছিলেন।

    বুধবার সকালে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে পৌঁছোন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে নতুন সংস্কৃতি নিয়ে বেশ খানিকটা বিব্রত তৃণমূল কংগ্রেস। যে ভাবে রাস্তাঘাটে ডিম থেরাপির মুখোমুখী হতে হচ্ছে তাতে তাঁরা আতঙ্কিত তা বলার অপেক্ষা  রাখে না।

    যদিও প্রধান বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন ফিরিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে তারা মামলা দায়ের করেন। ভবিষ্যতে এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুনির্দিষ্ট নির্দেশ পুলিশ প্রশাসন বা সরকারকে দেন কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।রাজ্যে পালা বদলের পরে বঙ্গ রাজনীতিতে নতুন সংস্কৃতি ডিম থেরাপি। যদিও এই থেরাপি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা থেকে বিধায়ক তাঁদের জন্যই সীমিত রয়েছে। এটা কেন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক, বিধায়ক ,কাউন্সিলরদের উদ্দেশে ছোঁড়া হচ্ছে। কাউন্সিলার বিধায়ক কেউ রেহাই পাচ্ছেন না ডিম থেরাপি থেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)