• জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা ধৃত, লাড্ডু বিলি বিজেপির
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সকালে টাকি রোড সংলগ্ন সাঁকচুড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বসিরহাট আদালতের বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত শাহানুর মণ্ডলকে আপাতত হাসনাবাদ থানায় রাখা হয়েছে।

    এদিকে, শাহানুরের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বসিরহাটে লাড্ডু বিলি করে বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাসনাবাদ ও বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সাঁকচুড়ায় তল্লাশি অভিযান চালায়। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গোপন ডেরা থেকে শাহানুরকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বসিরহাটের ‘ত্রাস’ বলে লোকমুখে পরিচিত ছিলেন এই নেতা। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা, জোর করে জমি দখল, তোলাবাজি এবং বাংলাদেশে গোরু পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও নদী ভরাট করে অবৈধ হোটেল নির্মাণ, সীমান্তবর্তী এলাকায় অবৈধ রিসর্ট ও পার্ক তৈরির অভিযোগও রয়েছে শাহানুরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, টাকির জমিদার পরিবারের বেশ কয়েকজন সদস্য তাঁদের জমি ও বাড়ি দখলের অভিযোগে শাহানুর মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, জমিদার পরিবারের করা অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহানুরের গ্রেপ্তারির পর বসিরহাটের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা লাড্ডু বিলি করেন। বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা ডাঃ শৌর্য্য বন্দ্যোপাধ্যায় বলেন, শাহানুরের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ ছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের পর মানুষ স্বস্তি পেয়েছেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)