ভাটপাড়ায় ফুটপাত থেকে হকারদের সরে যাওয়ার জন্য নির্দেশ পুলিশের
বর্তমান | ১৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দমদম, হাবরা রেল স্টেশনের পর ভাটপাড়াতে ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল পুলিশ প্রশাসন। কাঁকিনাড়া বাজারে যাঁরা ফুটপাতের উপর ব্যবসা করছেন, তাঁদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। জগদ্দলের এসিপি, ভাটপাড়া থানার আইসি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোটা এলাকা পায়ে হেঁটে প্রত্যেক দোকানদারকে ফুটপাত থেকে সরে যেতে নির্দেশ দেন। দোকানের বাইরে ফুটপাত বা রাস্তা দখল করে অতিরিক্ত জিনিস রাখা যাবে না বলেও পুলিশকর্তারা জানিয়ে দেন। কাঁকিনাড়া বাজারে ফুটপাতে শাড়ি, জুতো, ফুচকা থেকে শিশুদের জামা কাপড় নিয়ে ব্যবসা করে বহু মানুষ। বছরের পর বছর কাকিনাড়া বাজারে এই ব্যবসা চলছে। এটি বারাকপুর শিল্পাঞ্চলের বড় একটি বাজার। এই ফুটপাতের ব্যবসা থেকেই দিন সংসার গুজরান করেন বহু মানুষ। বিভিন্ন জুট মিলের শ্রমিকরা এই বাজারের ক্রেতা। এবার এই বাজারের উপরেও প্রশাসনের নজর পড়েছে। তারা ফুটপাত ছেড়ে ব্যবসাদারদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অনেকেই বলছেন, ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে বিজেপিকে ভোট দিয়েছিলাম। কিন্তু তার ফল কী পেলাম? দোকান সরিয়ে দিলে আমরা খাব কী? চরম বিপদে পড়ে গিয়েছি আমরা। অবশ্য পুলিশ প্রশাসনের বক্তব্য, ব্যবসা করতে কোনো বাধা নেই। শুধু ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সে কথাই ব্যবসাদারদের বলে দেওয়া হয়েছে। যাঁরা ফুটপাতে ব্যবসা করছেন, তাঁদের সরে যেতে বলা হয়েছে।