বাংলার বাড়ির প্রকল্পে লুট, ব্যবস্থা নিতে জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ফলতায় ব্যাপক দুর্নীতি হয়েছে। লুট হয়েছে টাকা। বুধবার সরকারি অনুষ্ঠানে এসে এমনই গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করলেও তাঁর নিশানা যে জাহাঙ্গির খানের দিকেই ছিল সেটা স্পষ্ট। এদিন সভা শেষ করার ঠিক আগে এই নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার বাড়ি প্রকল্পে এখানে আট হাজার বাড়ির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। অথচ একটিও বাড়ি তৈরি হয়নি। সব টাকা নিয়ে চলে গিয়েছে। কে করেছে সেটা আপনারা সব জানেন। এই কাজে সহায়তা করেছেন তৎকালীন বিডিও। তাঁর বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসক এই সব উপভোক্তার যাচাই প্রক্রিয়া শুরু করে লুট হওয়া টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন। আমি সেই নির্দেশ দিয়ে গেলাম। এছাড়াও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পুরোটা আমার নজরে থাকবে। এছাড়াও উম-পুন ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা নয়ছয় করা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রত্যেক বাড়ির জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তালিকা আমি পেয়েছি। এসবেরও ব্যবস্থা হবে।