• টলিউড নিয়ে পরামর্শদাতা কমিটিতে প্রসেনজিৎরা, উদ্যোগী সরকার
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • এই সময়: টলিপাড়ার সমস্যা সমাধানে উদ্যোগী হলো রাজ্য সরকার। ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজ সামলাতে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে বুধবার। কমিটিতে জায়গা পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, যিশু সেনগুপ্তরা।

    রয়েছেন বেশ কিছু প্রযোজক ও রাজ্য সরকারের আধিকারিকরাও। রাজ্যের চার বিধায়ক তথা ইন্ডাস্ট্রির সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ও রয়েছেন সেখানে। আপাতত মূলত সমন্বয়ের কাজ করবেন তাঁরা। খেয়াল রাখবেন যাতে টলিপাড়ার কাজের ছন্দে ছেদ না পড়ে।

    গত ৮ জুন নবান্ন সভাঘরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেই আলোচনা প্রসঙ্গে বুধবার রাজ্য সরকারের তরফে এক বিবৃতি সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে প্রায় ৪০টি কমিটি রয়েছে, যাদের অনেকে একই রকম ক্ষেত্রে কাজ করে। সেই কমিটিগুলোর প্রয়োজনীয়তা কতটা সেটা খতিয়ে দেখা হবে উল্লেখ রয়েছে বিবৃতিতে।

    প্রসঙ্গত, পাপিয়া অধিকারী এর আগে ইন্ডাস্ট্রিতে থাকা একাধিক কমিটি ভেঙে ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল সিস্টেমে আনার বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, হাতে গোনা কয়েকটি কমিটিই থাকবে। প্রত্যেক সংস্থার পদাধিকারী কারা হবেন, সে নিয়েও কয়েকটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে মনোনীত অ্যাডভাইসারি কমিটিকে।

    পাশাপাশি যতদিন পর্যন্ত না ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি গঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত এই অ্যাডভাইসারি কমিটিকে ইন্ডাস্ট্রির কাজ সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরে গত কয়েক মাস ধরে যে চাপা ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই আপাতত দৈনন্দিন কাজের ধারায় যাতে ব্যাঘাত না ঘটে তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ।
  • Link to this news (এই সময়)