• অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
    প্রতিদিন | ১৮ জুন ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার তথ্য অনলাইনে আপলোডে বাধা! তোলাবাজি, হুমকি, স্বজনপোষণ-সহ সরকারি প্রকল্পে দুর্নীতির একাধিক অভিযোগ। এবার আটক করা হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষকে। তাঁকে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়েন জনতার একাংশ। একাধিক অভিযোগ তুলে বুধবার পুরসভার ভিতরেই চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তারপর বুধবার রাতে প্রসেনজিৎবাবুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, পুরসভা এলাকায় অন্নপূর্ণা যোজনায় যাঁরা অফলাইনে আবেদন করেছিলেন, তাঁদের তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে। চেয়ারম্যানের নেতৃত্বে সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রসেনজিতের বিরুদ্ধে আবাস যোজনার ঘর বণ্টনে স্বজনপোষণ, তৃণমূল ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পুরসভাতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় জিয়াগঞ্জ থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর আটক করা হয় পুরপ্রধানকে। পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকরা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

    উল্লেখ্য, রাজ্যজুড়ে দুর্নীতি, হুমকি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা। জনরোষ আছড়ে পড়ছে তাদের উপর। এবার সেই তালিকায় নাম জুড়ল জিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিতের নাম। 
  • Link to this news (প্রতিদিন)