• হার্টের অপারেশনেও এ বার রোবটিক প্রযুক্তি, নতুন সংযোজন শহরে
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • এই সময়: নতুন প্রযুক্তির হাত ধরে হার্টের অস্ত্রোপচারে আরও এক ধাপ এগোল কলকাতা। বলা ভালো, হার্টের অপারেশনে প্রযুক্তির নতুন সংযোজন শহরে। বিএম বিড়লা হার্ট হসপিটাল তাদের কার্ডিয়াক সার্জারি পরিষেবায় যুক্ত করল রোবোটিক-অ্যাসিস্টেড কার্ডিয়াক সার্জারি। যাতে বুক চিরে ওপেন–হার্ট কিংবা সামান্য কাটাছেঁড়ার মাধ্যমে মিনিমালি ইনভেসিভ সার্জারির ঝক্বিও নেই।

    মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, ‘দ্য ভিঞ্চি’ রোবটের কল্যাণে কি-হোল সার্জারির মতো বুকে মাত্র তিনটে ছিদ্র করে সেরে ফেলা সম্ভব হার্টের এই অপারেশন।

    প্রচলিত ওপেন-হার্ট সার্জারিতে সাধারণত বুকের মাঝখানের হাড় (স্টারনাম) কেটে হৃদযন্ত্রে পৌঁছতে হয়। ফলে অস্ত্রোপচারের ধকল, রক্তক্ষরণ যেমন বেশি হয় তেমনই সুস্থ হতে অনেকও বেশি সময় লাগে। গত কয়েক বছরে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির প্রসার ঘটলেও সেখানে সার্জনকে সরাসরি যন্ত্র পরিচালনা করতে হয়।

    রোবোটিক-অ্যাসিস্টেড পদ্ধতিতে সেই প্রযুক্তি আরও এক ধাপ এগিয়েছে। এতে ছোট ছিদ্র দিয়ে রোবোটিক আর্ম ও ক্যামেরা প্রবেশ করিয়ে সার্জেন কনসোল থেকে হাই রেজ়োলিউশনের ত্রিমাত্রিক ছবি দেখে অস্ত্রোপচার পরিচালনা করেন। এর ফলে সঙ্কীর্ণ জায়গাতেও প্রায় নিখুঁত অস্ত্রোপচার সম্ভব হয়। এবং কাটাছেঁড়া ও রক্তক্ষরণ নামমাত্র বলে রোগীও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

    আলিপুরের এই বেসরকারি হাসপাতালের রোবোটিক কার্ডিয়াক সার্জেন সৌম্য গুহ বলেন, ‘রোবোটিক প্রযুক্তি সার্জনকে যে মাত্রার দৃশ্যমানতা ও যন্ত্র নিয়ন্ত্রণের সুযোগ দেয়, তা জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দেয়।’ কার্ডিয়াক সার্জারি বিভাগের অধিকর্তা মনোজ দাগা বলেন, ‘পূর্ব ভারতে হৃদরোগের বার্ডেন যথেষ্ট বেশি। উন্নত পরিকাঠামো–নির্ভর বহু অস্ত্রোপচারের জন্য এতদিন রোগীদের অন্য রাজ্যে যেতে হতো। এ বার তা কলকাতাতেই সম্ভব।’ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তির কল্যাণে পূর্ব ভারতের রোগীদের জন্য বিশ্বমানের উন্নত হার্ট অপারেশনের সুযোগ আরও বাড়বে।

  • Link to this news (এই সময়)