• সব্যসাচীর পাঁচ অ্যাকাউন্টে সাড়ে তিন কোটি! হদিশ দু’টি লকারেরও
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • এই সময়: পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে ৩ কোটি ৭০ লক্ষ টাকা! কোনওটি তাঁর একার নামে। কোনও জয়েন্ট অ্যাকাউন্ট। বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত–র সেই পাঁচটি অ্যাকাউন্ট বুধবার ফ্রিজ় করল পুলিশ। হদিশ মিলেছে দু’টি লকারেরও। সেই লকার দু’টি এ দিন রাত পর্যন্ত খুলতে পারেনি পুলিশ।

    তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেপ্তারের পরে তাঁকে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশিতে এখনও পর্যন্ত সাড়ে তিন কিলো সোনা কেনার রসিদ এবং ৭৫-৮০ গ্রাম সোনার গয়না পাওয়া গিয়েছে। তাঁর একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সল্টলেক এবং নিউ টাউন মিলিয়ে সব্যসাচীর আওতায় থাকা ন’টি ফ্ল্যাটের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

    আট দিনের পুলিশ হেফাজত শেষে বুধবার সব্যসাচীকে বিধাননগর আদালতে তোলা হয়েছিল। আদালতেই পাঁচটি অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন কোটি টাকার কথা জানায় পুলিশ। এ দিন আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিমের সঙ্গে ছোড়া হয় লাল-নীল কালি গোলা বেলুনও। এ দিন আদালতে পেশ করা হয় ধৃত বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়কেও। অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কাছ থেকে সব্যসাচীর হয়ে তিনিই টাকা নিতে গিয়েছিলেন বলে পুলিশের দাবি।

    পুলিশের দাবি, তল্লাশিতে যে পরিমাণ সোনার রসিদ পাওয়া গিয়েছে, সেই পরিমাণ সোনা মেলেনি। একটি বিদেশি গাড়ি ছিল। তাও মেলেনি। তাই বুধবার তাঁকে আদালতে তুলে আবার নিজেদের হেফাজতে আবেদন জানায় পুলিশ। আদালত ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

    সব্যসাচীর কৌঁসলি জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করেন ১৪ জন আইনজীবী। প্রশ্ন ওঠে, কত আয় থাকলে জনপ্রতিনিধির একটি অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ থাকে?

  • Link to this news (এই সময়)