• এ বার আরও চাপে জাহাঙ্গিরের স্ত্রী, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • ফলতা থানা থেকে জাহাঙ্গির খানকে ছাড়ানোর জন্য লোকজন জড়ো করে বিক্ষোভ দেখাতে গিয়ে বিপাকে তাঁর স্ত্রী রেজিনা বিবি। অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়ের করল ফলতা থানার পুলিশ। অন্য দিকে বিক্ষোভ ও পুলিশকে বাধা দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট ১৫ জন গ্রেপ্তার হলো।

    পুলিশের অভিযোগ, মঙ্গলবার জাহাঙ্গির খানকে থানা থেকে বের করে আনার ছক ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তদন্তে জানা গিয়েছে, ঘটনার আগের দিন, সোমবার জাহাঙ্গির খানের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠকও হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, ফলতা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করা হবে। এর পরে সেখান থেকে সংগঠিত ভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনা হবে।

    এই ঘটনায় ইতিমধ্যেই আরও সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে মঙ্গলবারের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। ধৃতদের জেরা করে পুরো ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল এবং পরিকল্পনায় আর কারা জড়িত ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত এগোতেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

    বুধবারই ফলতার জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, কেউ যেন আইন হাতে তুলে না নেন। এ রাজ্যে এখন আইনের শাসন চলে। কাউকে রেয়াত করা হবে না।

    পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ‘কিছু লোক একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে আক্রমণ করতে গিয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন, যাতে কোনও দিন কেউ পুলিশ, সরকারি কর্মচারী, প্যারা মিলিটারিকে আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে চড়ানোর কাজও আপনাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

    পুলিশের বিরুদ্ধে বিক্ষোভের ছক কষে এ বার আরও বিপাকে জাহাঙ্গির-পত্নী।

  • Link to this news (এই সময়)