• ২১-এ আন্তর্জাতিক যোগা দিবস, হাওড়ায় যোগার আসর থেকে শহরবাসীকে বার্তা অগ্নিমিত্রার
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • শহর জঞ্জালমুক্ত রাখা নিকাশি ব্যবস্থা উন্নত করার পাশাপাশি শহরকে বিপদ মুক্ত করার লক্ষ্যে নতুন সরকার। হাওড়ায় যোগা অনুষ্ঠানে এসে এমনটাই বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    ২১ জুনের কাউন্টডাউন শুরু হতেই, এই ঐতিহাসিক দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য দেশজুড়ে জোরদার প্রস্তুতি চলছে। হাওড়ায় যোগা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মন্ত্রী। বর্ষার আগে হাওড়া শহরের ছোট ও বড় নালা পরিষ্কার করা হবে। পাশাপাশি শহরের লাইটপোস্টগুলি বর্ষার সময় যাতে ঠিক থাকে, সেখানে যাতে কোনও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা না ঘটে, তার জন্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। সেই দায়িত্ব পালনে ব্যর্থ অথবা গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটলে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযান ও যোগা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    একই সঙ্গে তিনি জানান, বাংলাকে সোনার বাংলা করার লক্ষ্য সরকারের। তাই জঞ্জাল মুক্ত করতে ‘ স্বচ্ছতা সে স্বাগত ‘ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষকে কর্মসূচিতে শামিল করে সচেতন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা বাংলার পাশাপাশি হাওড়া শহরেও জরিমানা লাগু করা হবে। নোংরা আবর্জনা ফেলা থুতু ফেলা এবং খোলা স্থানে শৌচকর্ম করলে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে, বলে শহরবাসীর উদ্দেশ্যে সতর্কতা দেন মন্ত্রী। এদিন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা সহ হাওড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এদিন রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্য সদস্যেরা। ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানে।
  • Link to this news (News18 বাংলা)