ভাঙা কাঁচের উপর কঠিন যোগব্যায়াম! যোগ দিবসের আগে মালদহের মেলায় অবিশ্বাস্য আসন দেখিয়ে চমক এই যোগীর
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
: শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন তিথিকে স্মরণ করে মালদহের ঐতিহ্যবাহী রামকেলি ধামে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন রামকেলি মেলা। ‘গুপ্ত বৃন্দাবন’ নামে খ্যাত এই পুণ্যক্ষেত্রে ভক্ত-দর্শনার্থীদের পাশাপাশি ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীরাও। আর তাঁদের নানা ধরনের সাধনা ও কৌশলই হয়ে উঠেছে মেলার অন্যতম আকর্ষণ।
মেলায় বিশেষভাবে নজর কেড়েছেন ‘কাঁচ বাবা’ নামে পরিচিত সাধু দুলাল নল গিরি। কাঁচের টুকরোর উপর দাঁড়িয়ে যোগাসন প্রদর্শন এবং পায়ের চাপেই কাঁচ দুমড়ে-মুচড়ে দেওয়ার বিরল দক্ষতা দেখিয়ে তিনি দর্শকদের বিস্মিত করছেন। তাঁর দাবি, দীর্ঘ ১২ বছরের তপস্যার ফলেই এই সাধনা সম্ভব হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত রামকেলি মেলার টানেই তিনি প্রতি বছর এখানে আসেন। দর্শনার্থীদের আকৃষ্ট করতেই এই বিশেষ প্রদর্শন করেন বলে জানান তিনি।
এছাড়াও মেলায় উপস্থিত ‘শঙ্খ বাবা’-সহ একাধিক সাধু-সন্ন্যাসী তাঁদের আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। আর এক সাধু হরিদাস জানান, “জ্যৈষ্ঠ সংক্রান্তির পুণ্য তিথিকে ঘিরে কয়েক শতাব্দী ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। রামকেলি ধামে অবস্থিত ঐতিহাসিক কদমতলী গাছ এবং মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান আজও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র।”
জানা গিয়েছে, এ বছর রামকেলি মেলা ৫১২ বছরে পদার্পণ করেছে। সরকারিভাবে তিন দিনের মেলার আয়োজন করা হলেও বাস্তবে প্রায় ২০ দিন ধরে চলে এই উৎসব। মেলা উপলক্ষে লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ন্যাসী এবং পর্যটকের সমাগম ঘটে মালদহের গৌড় অঞ্চলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য এবং সাধুদের বিচিত্র সাধনার মেলবন্ধনে রামকেলি মেলা আজও বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় উৎসব হিসেবে নিজের স্বকীয়তা ধরে রেখেছে।