• এমআরপি-র থেকে ১০ টাকা বেশি নিয়ে তিন লাখ জরিমানা!
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • এই সময়, বর্ধমান: নির্দিষ্ট সর্বোচ্চ খুচরো মূল্যের (এমআরপি) থেকে ১০ টাকা বেশি নেওয়ায় এক নামী বহুজাতিক শপিং মল সংস্থাকে তিন লক্ষ টাকা জরিমানা করল পূর্ব বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা আদালত। আগামী দুই মাসের মধ্যে এই জরিমানার টাকা মামলাকারী ক্রেতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে টাকা না-দিলে বার্ষিক আট শতাংশ হারে সুদ গুনতে হবে ওই শপিং মল কর্তৃপক্ষকে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০-র ৩১ জুলাই বর্ধমান শহরের পার্কাস রোডের ওই নামী শপিং মল থেকে 'আলুটিক্কি'র একটি প্যাকেট কেনেন স্থানীয় বাসিন্দা দেবরাজ বন্দ্যোপাধ্যায়।

    প্যাকেটের গায়ে এমআরপি লেখা ছিল ১০০ টাকা। কিন্তু কাউন্টারে তাঁর কাছ থেকে ১১০ টাকা নেওয়া হয় এবং বিলেও ১১০ টাকাই লেখা হয়। ১০ টাকা বেশি নেওয়ার কারণ জানতে চাইলে কাউন্টারের প্রতিনিধি কোনও সদুত্তর দিতে পারেননি।

    এর পরে দেবরাজ শপিং মল কর্তৃপক্ষকে চিঠি এবং ইমেল মারফত অভিযোগ জানালেও তাঁদের জবাবে তিনি সন্তুষ্ট হতে পারেননি। বাধ্য হয়েই তিনি ক্রেতা আদালতের দ্বারস্থ হন।

    মঙ্গলবার ক্রেতা আদালতের সভাপতি শুভাশিস ঘোষ, সদস্য বুলবুল ঘোষ সিংহ ও মনোয়ার বেগম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে স্পষ্ট জানানো হয়েছে, এমআরপি-র চেয়ে দাম বেশি নেওয়ার অপরাধেই শপিং মলকে এই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে, যা দুই মাসের মধ্যে অভিযোগকারী দেবরাজ বন্দ্যোপাধ্যায়কে মেটাতে হবে। এই রায়ের বিষয়ে বর্ধমানের পার্কাস রোডের ওই শপিং মলের শাখায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

  • Link to this news (এই সময়)