• ‘তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই…’, অরূপ প্রকাশ্যেই আসতেই মেসি-খোঁচা রুদ্রনীল-সজলের
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • আমেরিকার কানসাস স্টেডিয়ামে তখন চলছে মেসি ঝড়। কোটি কোটি দর্শক ফুটবলের যুবরাজের ম্যাজিক দেখেছেন রাত জেগে। বাদ যায়নি ফুটবলপ্রেমী শহর কলকাতাও। তবে সমাজমাধ্যমে মেসির হ্যাটট্রিক নিয়ে আবেগপ্রবণ লেখালেখির থেকেও বাংলার প্রাক্তন মন্ত্রীকে নিয়ে খোঁচা দেওয়া টিপ্পনি জায়গায় করে কলকাতাবাসীর মনে। তিনি অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এতদিন ছিলেন অন্তরালে। কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সংক্রান্ত মামলার তদন্তে হাজিরা দিতে বৃহস্পতিবার বিধাননগর থানায় হাজির হন অরূপ। তিনি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব।

    বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ‘মেসির মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাটট্রিক করে। অরূপ বিশ্বাসের মতো পাপীরা অপরাধের হ্যাটট্রিক করে।’ উল্লেখ্য, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অরূপকে তিন বার তাঁকে তলব করেছিল পুলিশ। প্রতি বারই তিনি হাজিরা এড়িয়েছিলেন।

    অরূপকে নিয়ে খোঁচা দিতে ছাড়েননি আরও এক বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর বক্তব্য, ‘বাংলার সমস্ত মানুষ, বিশেষ করে যাঁরা রাজনীতি করেন না, যাঁরা রাত জেগে ফুটবল দেখেন, তাঁরা প্রত্যেকে চান অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরেন, তিনি যেন জেলে যান।’ এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে সজলের খোঁচা, ‘মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, ওঁর মাসতুতো ভাইকে। তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম।

    প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে এসেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, মাঠে মেসির গায়ে কার্যত লেপটে ছিলেন অরূপ। পরে মেসি-সহ আর্জেন্তিনার টিম মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেই ঘটনায় এ দিন তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অরূপকে। দুপুর সওয়া ১টা নাগাদ থানা থেকে বেরিয়ে যান অরূপ।

  • Link to this news (এই সময়)