আদালত চত্বরে ডিমবৃষ্টির মুখে পড়তে হলো উদয়ন গুহকে। তাঁকে ঘিরে কিছু লোকের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ হেলমেট পরিরে আদালত চত্বর থেকে বের করানো হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতায় গ্রেপ্তার হন উদয়ন। এর পরে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করানো হয়। দিনহাটা থানা থেকে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে। স্থানীয় সূত্রে খবর, সেই সময়ে আদালত চত্বরে বেশ কয়েক জন জমায়েত করেছিলেন উদয়নকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য। বিক্ষোভের সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তাও আঁটসাঁট করেছিল পুলিশ। তা সত্ত্বেও আবার সেই পুলিশের সামনেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। আদালতে প্রবেশ এবং আদালত থেকে বেরোনো দু’বারই একই পরিস্থিতি তৈরি হয়। বেরোনোর সময়ে যে ভাবে ডিম ছোড়া শুরু হয়েছিল, তাতে শেষমেষ প্রাক্তন মন্ত্রী হেলমেট পরিয়ে সেখান থেকে বের করলেন পুলিশকর্মীরা। শুধু ডিমই, মাটি, পাথর, নোংরা জলও ছোড়া হয়েছে বলে অভিযোগ।
এ দিন দিনহাটা আদালতের কোনও আইনজীবী উদয়নের পক্ষে দাঁড়াতে চাননি। পরে কোচবিহার থেকে এক জন আইনজীবী প্রাক্তন মন্ত্রীর হয়ে আদালতে জামিনের আবেদন করেন। অন্য দিকে, পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। তবে আদালত উদয়নের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন।
প্রসঙ্গত, স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পরেই দিনহাটা ছাড়েন উদয়ন। তার পর থেকে তিনি কলকাতার ফ্ল্যাটেই থাকছিলেন। এক বার কালীঘাটে দলের বৈঠকেও যান। কিন্তু সেই ভাবে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। কলকাতা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির মামলায় দিনহাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে (দিনহাটা থানায় কেস নম্বর ৪১৯, তারিখ ১১/০৬/২০২৬)। অভিযোগ, আবাস যোজনায় এক-এক জন উপভোক্তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিলেন উদয়ন। সব মিলিয়ে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়।