আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার ২৫ দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র ফল। এবারে পরীক্ষায় ৬৬,৩৮৩ জন পুরুষ এবং ২৬,৩৬৮ জন মহিলা পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় লিঙ্গের দুই পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। প্রথম হয়েছেন বিধাননগর সল্টলেকের বাসিন্দা শাশ্বত ব্যানার্জি। তিনি নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা (রাজস্থান)-র পড়ুয়া।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। তিনি প্রথমে পাসের হার জানান তারপরে মেধাতালিকা প্রকাশ করেন। সেই মেধাতালিকা নীচে তুলে ধরা হল-
গৌতম এদিন সাংবাদিকদের জানান, দ্রুত কাউন্সেলিং শুরু করা হবে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির ফাঁকা আসন সংখ্যা সম্পর্কে জানতে কিছুটা সময় লাগবে। সেই সংখ্যা পেয়ে গেলে ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। আশা করা হচ্ছে ২৯ জুন থেকে কাউন্সেলিং শুরু করা যাবে। এর পাশাপাশি তিনি অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যাবাদও জানিয়েছেন।
চলতি বছরে মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দিয়েছেন ৯৪,৯০১ জন। পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৬৭,৩৭৮ জন, মহিলা পরীক্ষার্থী ২৭,৩২১ জন। তৃতীয় লিঙ্গের দু'জন পরীক্ষার্থী ছিলেন। ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা https://wbjeeb.nic.in/ বা https://wbjeeb.in/ ওয়েবসাইটে গিয়ে ‘ডব্লুবিজেইই ২০২৬ র্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের লিঙ্কটি পাবেন।