• অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখাতেই যা করল তরুণী!
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার শান্তিপুরে এক কলেজছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিপুরের বাসিন্দা, ১৮ বছর বয়সী ওই তরুণীর ঝুলন্ত দেহ সোমবার সকালে তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়। প্রথম বর্ষের ওই ছাত্রীর মৃত্যুর পেছনে ব্ল্যাকমেল এবং চরম মানসিক হেনস্থার অভিযোগ তুলেছে তাঁর পরিবার।

    মৃতার বাবা পেশায় টোটোচালক। প্রতিদিনের মতোই সোমবার সকালেও তিনি কাজে বেরিয়ে গিয়েছিলেন। সকাল ৭টা নাগাদ আচমকাই বাড়ি থেকে একটি ফোন পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে দেখেন, নিজের ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেয়ের দেহ। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    পরিবারের দাবি, মৃতদেহের পাশেই পড়েছিল ওই ছাত্রীর মোবাইল ফোনটি। সেটি খুলতেই সামনে আসে এক ভয়ংকর তথ্য। দেখা যায়, তরুণীর ফোনে একের পর এক হুমকি মেসেজ পাঠানো হয়েছে। অভিযোগ, পাশের এলাকার এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হওয়ায় তরুণী বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে রাজি হননি ওই যুবক। অভিযোগ, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি তরুণীকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং তাঁদের কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

    এই ঘটনার পর ভেঙে পড়েছেন তরুণীর বাবা। তিনি জানান, মেয়ের সঙ্গে কারও কোনও সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে আগে থেকে তাঁদের কিছুই জানা ছিল না। মোবাইল ফোনটি দেখার পরই তাঁরা পুরো বিষয়টি জানতে পারেন। তাঁর স্পষ্ট অভিযোগ, ক্রমাগত মানসিক চাপ এবং লোকলজ্জার ভয়ে ব্ল্যাকমেলের শিকার হয়েই তাঁর মেয়ে এমন চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

    ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। দোষীর যাতে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)