• হেলমেট পরে আদালতে উদয়ন গুহ
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দিনহাটার রাজনৈতিক ইতিহাসে বৃহস্পতিবার ধরা পড়ল এক নজিরবিহীন ছবি। থানা থেকে বের হতেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু হয় ডিমবৃষ্টি। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ তাঁর দিকে পচা ডিম, আলু এমনকি জুতোও ছুড়ে দেয়। পরিস্থিতির আঁচ আগেই পেয়েছিল পুলিশ। তাই থানার বাইরে বের করার আগেই উদয়ন গুহের মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং থানা চত্বরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।

    বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এবং তারপর দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত প্রাক্তন মন্ত্রীকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা শহরজুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ নিয়ে কাটমানি ও দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তে বুধবার গভীর রাতে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আদালতে পেশ করার সময়ই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, থানা থেকে বের হওয়ার মুহূর্ত থেকেই বিক্ষোভকারীরা ‘দুর্নীতির জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। অভিযোগ, আদালতে যাওয়ার পথে উদয়ন গুহকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম, আলু এবং জুতো ছোড়া হয়। যদিও পুলিশের তৎপরতায় কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    আদালত চত্বরে পৌঁছনোর পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে উদয়ন গুহকে হেলমেট পরিয়েই আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। এক সময় যিনি মন্ত্রী হিসেবে প্রশাসনিক বৈঠক পরিচালনা করতেন, তাঁকেই এদিন হেলমেট পরে আদালতে প্রবেশ করতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সামাজিক মাধ্যমেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও।

    উদয়ন গুহের গ্রেপ্তারীকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। বিরোধী দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা বণ্টনে দুর্নীতি এবং কাটমানির অভিযোগ উঠছিল। তাঁদের দাবি, তদন্ত সঠিক পথে এগোলে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে। পাশাপাশি তাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

    আদালত সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী সংস্থা উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল। শুনানি শেষে আদালত তাঁকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা যায়। সব মিলিয়ে, আবাস দুর্নীতি মামলায় উদয়ন গুহের গ্রেপ্তারি, থানার বাইরে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে আদালতে যাওয়া এবং দিনহাটা জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহ বৃহস্পতিবারের ঘটনাকে উত্তরবঙ্গের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনায় পরিণত করেছে। এখন তদন্তের অগ্রগতি এবং মামলার পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।
  • Link to this news (আজকাল)