• জয়েন্টের মেধাতালিকায় উজ্জ্বল নাম মনীশ!
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • ইন্দ্রজিৎ সাহু: প্রতিটি সাফল্যের পিছনে থাকে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নিরন্তর লড়াই। সেই লড়াইয়েরই এক উজ্জ্বল উদাহরণ মেদিনীপুরের কৃতী ছাত্র মনীষ সেনাপতি। 

    পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE)-এর ফলাফলে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে শুধু নিজের পরিবার বা বিদ্যালয় নয়, গর্বিত করেছে গোটা মেদিনীপুরকে। মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকার বাসিন্দা মনীষের সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই খুশির আবহ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। 

    মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই মেধাবী ছাত্র ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত নিবেদিত ছিল। বাবা প্রত্যুষ সেনাপতি এবং মা অনুপমা সেনাপতির স্নেহ, অনুপ্রেরণা ও শিক্ষার পরিবেশ তার এগিয়ে চলার পথকে আরও মজবুত করেছে। তাঁরা দুজনেই বিদ্যালয়ে পড়ান। 

    তবে এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকার ফলেই আজ রাজ্যের সেরাদের তালিকায় নিজের নাম তুলে এনেছে মনীষ। 

    সম্প্রতি প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সে ৪৮৬ নম্বর পেয়ে তার মেধার স্বাক্ষর রেখেছে। ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই স্পষ্ট পরিকল্পনা করে ফেলেছে এই কৃতী ছাত্র। তার লক্ষ্য দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EEC) বিভাগে পড়াশোনা করা।

    ইতিমধ্যেই সেখানে সিট বুকিং সম্পন্ন হয়েছে। আগামী জুলাই মাসে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা। সাফল্যের রহস্য জানতে চাইলে মনীষের সরল উত্তর, “নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।” তার এই বিনয়ী মন্তব্যই যেন আরও একবার প্রমাণ করে, বড় সাফল্যের পিছনে থাকে নীরব পরিশ্রমের গল্প।

    মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কথায়, মনীষ বরাবরই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ ছাত্র। বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় তার ধারাবাহিক সাফল্য আজ রাজ্যস্তরের এই কৃতিত্বে পরিণত হয়েছে। 

    শিক্ষকদের মতে, মনীষের এই অর্জন আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। রাজ্যের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন শুধু একটি র‌্যাঙ্ক নয়, এটি এক জেলার স্বপ্নপূরণের গল্প। সেই গল্পের নায়ক আজ মেদিনীপুরের ছেলে মনীষ সেনাপতি। তার সাফল্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা মেদিনীপুর।
  • Link to this news (আজকাল)