• পালাবদলের পরেই থানায় অতিরিক্ত ইউনিফর্ম রাখছে পুলিশ!
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একের পর এক গ্রেপ্তারি অভিযান চলছে। কখনও ভোট-পরবর্তী হিংসা, কখনও তোলাবাজি, আবার কখনও দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের একাধিক প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং নেতা-কর্মী। আর সেই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে নতুন এক প্রতিবাদ। অভিযুক্ত নেতাদের লক্ষ্য করে পচা ডিম, টমেটো কিংবা গোবর নিক্ষেপ। অভিযুক্ত নেতাদের আদালতে নিয়ে যাওয়া বা তদন্তের উদ্দেশ্যে বাইরে বের করার সময় ক্ষোভ প্রকাশের অন্যতম প্রতীক হয়ে উঠেছে এখন ‘ডিম থেরাপি’। তবে সমস্যা হচ্ছে, নিশানা অভিযুক্ত তৃণমূল নেতারা হলেও ছোড়া ডিমের বড় অংশই গিয়ে পড়ছে পুলিশকর্মীদের গায়ে। ফলে ডিমের আতঙ্ক এখন শুধু অভিযুক্ত রাজনৈতিক নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে পুলিশ মহলেও।

    সূত্রের খবর, অভিযুক্ত নেতাদের হেফাজতে থাকার আওতাধীন সময় ‘বলয়’ তৈরি করতে গিয়ে অনেক সময় ক্ষুব্ধ জনতার ছোড়া পচা ডিম, টমেটো বা অন্যান্য বস্তু তাঁদের উর্দিতেই এসে লাগে। ফলে কর্তব্য পালন করতে গিয়েও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাঁদেরও।

    সূত্রের আরও খবর, বর্তমানে অনেক থানায় অতিরিক্ত খাকি পোশাক মজুত রাখার প্রবণতা বেড়েছে। কোনও অভিযুক্তকে আদালতে বা তদন্তের কাজে নিয়ে যাওয়ার সময় অনেকেই বাড়তি ইউনিফর্ম সঙ্গে রাখছেন। এমনকি পুরনো বা বাতিল হওয়া উর্দিও ব্যবহার করতে হচ্ছে এই পরিস্থিতিতে। যাতে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলেও দ্রুত পোশাক বদলে আবার দায়িত্বে ফেরা যায়।

    এক পুলিশকর্মী জানিয়েছেন, এই ধরনের মুহূর্তে ‘ডিউটির সময় যদি ডিম বা টমেটো গায়ে লাগে, তাহলে তো আর বাড়ি যাওয়ার সুযোগ থাকে না। তাই অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ৪ থেকে ৫ সেট পোশাক রাখা হচ্ছে।’

    অন্যদিকে, ব্যবসায়ীদের একাংশের রসিক মন্তব্য, ভাল ডিমের চেয়ে এখন পচা ডিমের চাহিদা যেন বেশি! এমনই এক বিক্রেতার ছবি লক্ষ্য করা গিয়েছিল কিছুদিন আগে পাটুলি থানার সামনে। প্রকাশ্যে হকারই করতে করতে তিনি বলছেন, “পচা ডিম ২০ টাকা, ভাল ডিম ১০।”

    যদিও বাস্তবে ডিমের বাজারে এর কোনও প্রভাব পড়েছে কি না, তার নির্দিষ্ট তথ্য নেই। তবে সব মিলিয়ে এখন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘ডিম আতঙ্ক’ এখন আর শুধুমাত্র নেতাদের সমস্যা নয়। বরং উর্দিধারীদের মধ্যেও তার প্রভাব পড়ছে।
  • Link to this news (আজকাল)