অপেক্ষার অবসান, দীর্ঘ সময় পর নাসিরহাটি-বারাসাত রুটে ফের চালু DN-28 বাস পরিষেবা
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
অপেক্ষার অবসান, দীর্ঘ সময় পর নাসিরহাটি–বারাসাত রুটে ফের চালু হল DN-28 বাস পরিষেবা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের চালু হল নাসিরহাটি ফেরিঘাট থেকে বারাসাত পর্যন্ত DN-28 বাস পরিষেবা। বহু বছর ধরে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল সুন্দরবন সংলগ্ন গ্রামীণ এলাকার বাসিন্দাদের। নতুন করে এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তির মুখ দেখলেন এলাকার সাধারণ মানুষ।
এক সময় নাসিরহাটি থেকে বারাসাত পর্যন্ত DN-28 বাস পরিষেবা নিয়মিত চলাচল করলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এরপর শুধুমাত্র হাড়োয়া থেকে বারাসাত পর্যন্ত বাস পরিষেবা চালু থাকায় নাসিরহাটি ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ পরিবহণ সমস্যায় ভুগছিলেন। নাসিরহাটি থেকে হাড়োয়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পথ অটো বা টোটোর উপর নির্ভর করেই যাতায়াত করতে হত। স্থানীয়দের দাবি, বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের খরচ যেমন বেড়েছিল, তেমনই সময়ও অনেক বেশি লাগত। বিশেষ করে মিনাখাঁর কুলটি, বামনপুকুর, মিনাখা, মালঞ্চ, ঘটকপুকুর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে বারাসাত বা হাড়োয়া যেতে হলে প্রথমে নাসিরহাটি ফেরিঘাট পার হয়ে অটো বা টোটো ধরতে হত। ফলে সাধারণ যাত্রীদের নিত্যদিনের যাতায়াতে বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, অতীতে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পেছনে বিভিন্ন অসাধু স্বার্থ জড়িত ছিল। অটো ও টোটো চলাচলকে কেন্দ্র করে যাত্রী পরিবহণে একচেটিয়া প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে। যদিও সেই অভিযোগের সরকারি কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি, তবে দীর্ঘদিন বাস পরিষেবা বন্ধ থাকায় এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছিল বলে মত স্থানীয়দের।
বারাসাত থেকে নাসিরহাটির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। ফলে সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী-সহ বিভিন্ন শ্রেণির মানুষ উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজের জন্য বারাসাতে যাতায়াতও এখন অনেক সহজ হবে। নতুন করে DN-28 বাস পরিষেবা চালু হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে পরিষেবাটি নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানিয়েছেন।