পাহাড়ে ধসের কারণে ক্ষতিগ্রস্তদের জমি দেওয়া হবে, কার্শিয়ংয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
কার্শিয়ংয়ের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার পাহাড়বাসীর জন্য জনকল্যাণ শিবিরের অনুষ্ঠান মঞ্চ থেকে নানান উন্নয়নমূলক কাজের ঘোষণার পাশাপাশি এও জানান যে, ‘‘পাহাড়ে ধসের কারণে যে সমস্ত মানুষজনের ঘর বাড়ি ভেঙে গিয়েছে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জমি দেওয়া হবে।’’ শুধু বাড়ি তৈরির জন্য জমির ব্যবস্থা করাই নয়, ক্ষতিগ্রস্তদের তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করা হবে বলে এদিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- ‘শীঘ্রই EFR-এ ১০০০ জনের নিয়োগ, মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ’, পাহাড়ে চাকরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশির হাওয়া পাহাড়ে। ক্ষতিগ্রস্তদের কথায়, ‘‘বিগত সরকারের পক্ষ থেকে এতদিন তাঁদের নিয়ে কেউ ভাবেনি। এবার শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রেখে আমারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমাদের বিশ্বাস, শুভেন্দু অধিকারী কথা রাখবেন। ওনার নেতৃত্বাধীন বিজেপি সরকারের উপর সেই আস্থা ও ভরসা আছে।’’ বলা বাহুল্য, পাহাড়ে ধসে বিপর্যয়ের ছবি নতুন নয়। অতীতে পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে ঘরবাড়িরও।
আরও পড়ুন– বিধানসভায় দেখা হল, কেউ কথা বললেন না কারওর সঙ্গে… কুণাল, নয়না একে অপরের থেকে মুখ ফিরিয়ে রইলেন
অবিরাম বর্ষণে মিরিক, কার্শিয়ং এবং দার্জিলিং মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় অনেক পর্যটক অতীতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার ঘটনাও নতুন নয়। সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি-মিরিক সংযোগকারী দুধিয়া সেতু ভেঙে পড়েছে। তিস্তা নদীর জল জাতীয় সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় NH10-সহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধও ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পাহাড়ে ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পাহাড়ের মাটি থেকে খোদ মুখ্যমন্ত্রীর তরফে জানানোয় আশার আলো দেখছেন ধসে ক্ষতিগ্রস্তরা।