• নদীবাঁধ রক্ষায় সুন্দরবনের নতুন প্রজন্ম, মায়ের মতো পরম যত্ন করবে ম্যানগ্রোভের
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • নদীর বাঁধ রক্ষায় ম্যানগ্রোভ রোপণে এগিয়ে এল সুন্দরবনের পড়ুয়ারা। বর্ষা আসার আগেই সুন্দরবনের নদীবাঁধ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল এলাকার পড়ুয়ারা। সুন্দরবনের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় যেখানে ম্যানগ্রোভ বনভূমি কমে গিয়েছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেইসব স্থানে ব্যাপক হারে ম্যানগ্রোভ চারা রোপণের কাজে হাত লাগিয়েছে ছাত্রছাত্রীরা।

    সুন্দরবন বারবার আয়লা, আম্ফন, ইয়াস-সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। এসব দুর্যোগে নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন উপকূলবর্তী অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞদের মতে, ম্যানগ্রোভ বনভূমি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে দেয়। সেই উপলব্ধি থেকেই পরিবেশ রক্ষার এই কর্মসূচিতে শামিল হয়েছে এলাকার নতুন প্রজন্ম।

    উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে এক হাজারেরও বেশি গরান, গেওয়া, বাইন -সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, গৌড়েশ্বর-সহ সুন্দরবনের একাধিক নদীর পাড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। শুধু চারা রোপণই নয়, গাছগুলির পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিয়েছে পড়ুয়ারা। যাতে রোপণ করা চারাগুলি সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

    এর মাধ্যমে পরিবেশগত দায়িত্ববোধ এবং প্রকৃতি সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসী এবং পরিবেশপ্রেমীরা। তাঁদের মতে, ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। সুন্দরবনের সুরক্ষা ও নদীবাঁধ রক্ষায় ক্ষুদে পড়ুয়াদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
  • Link to this news (News18 বাংলা)