• হুগলি নদীর বুকে দৈত্য, ১৩০ মাইল গতিতে জোড়া মিনি টর্নেডোর ফানেল আকাশ ছুঁল, ভয়ঙ্কর ঝড়বৃষ্টি
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • সাগরে হুগলি নদীতে ভয়ঙ্কর দৃশ্য, জোড়া টর্নেডো দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। হঠাৎ নদীর বুক থেকে আকাশের দিকে ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের মধ্যে। কিছুক্ষণ স্থায়ী হওয়া এই বিরল প্রাকৃতিক দৃশ্যের পরই এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। নদীতে থাকা নৌকা ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটিমাত্র টর্নেডো থেকে অনেকগুলো টর্নেডো এবং মেসোসাইক্লোন তৈরি হয়েছে। যখন একটি পৃথক মেসোসাইক্লোন থেকে একটি পৃথক টর্নেডোর সৃষ্টি হয়, তখন এই প্রক্রিয়াকে সাইক্লিক টর্নেডোজেনেসিস বলে। টর্নেডোতে বাতাসের গতিবেগ থাকে ঘণ্টায় ১৩০ মাইলের কাছাকাছি, ব্যপ্তি প্রায় ২৫০ ফুট অর্থাৎ ৭৫ মিটার এবং দ্রুত নি:শেষ হয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে নদীর মাঝখানে জল ঘুরপাক খেতে শুরু করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘূর্ণন তীব্র আকার ধারণ করে জলস্তম্ভের রূপ নেয়। আশ্চর্যের বিষয়, একটির কিছু দূরেই আরও একটি ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হয়। জোড়া টর্নেডোর এই বিরল দৃশ্য দেখে অনেকেই মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। কেউ কেউ আবার ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

    স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য, এমন দৃশ্য তাঁরা খুব কমই দেখেছেন। তাঁদের কথায়, নদীর জল আচমকা অস্বাভাবিকভাবে ফুলে উঠতে থাকে এবং বাতাসের গতি মুহূর্তের মধ্যে বেড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে নদীতে থাকা ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। এই এলাকায় এমন ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না স্থানীয়রা। টর্নেডো দেখলেও এরকম জোড়া টর্নেডো দেখা যায়নি। সমুদ্র ও নদী সংলগ্ন অঞ্চলে জলীয় বাষ্প, তাপমাত্রার পার্থক্য এবং বায়ুচাপের পরিবর্তনের কারণে কখনও কখনও এই ধরনের জলস্তম্ভ তৈরি হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে যাতায়াতকারী নৌকা, ট্রলার এবং মৎস্যজীবীদের আবহাওয়ার পূর্বাভাস মেনে চলতে বলা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)