• কলকাতায় তিনদিন ধরে মহাকার্যক্রম, যোগ দিবসের মাহাত্ম্য বোঝালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • যোগ দিবস পালনে আগামী তিনদিন ধরে মহাকার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। নবান্নে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার এই কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষার সময়ে মাঠ কর্দমাক্ত থাকার আশঙ্কায় রেড রোডে এই কর্মসূচির মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী ২১ জুন, যোগ দিবসের দিন মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের মাধ্যমে যোগ কর্মসূচির একটি রেকর্ড তৈরি হবে বলে আশাপ্রকাশ করেন শুভেন্দু।

    শুক্রবার, ১৯ জুন সকালে ‘রান ফর যোগা’ কর্মসূচি পালন হবে। কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত যোগ দিবসের সমর্থনে ম্যারাথন হবে। সকাল সাতটার সময়ে এই কর্মসূচি শুরু হবে।

    শনিবার, ২০ জুন মূলত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে। ওই দিন সন্ধ্যায় সাড়ে পাঁচটার পরে গঙ্গাবক্ষে একটি অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে যোগব্যায়ামের বিষয়ে একটি দৃশ্যের আয়োজন করা হয়েছে।

    রবিবার, ২১ জুন, যোগ দিবসের মূল অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৩৮ হাজার নাম নথিভুক্ত হয়েছে। কয়েক লক্ষ মানুষ যোগায় অংশগ্রহণ করবেন বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকাল ৬.১৫ মিনিট পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকবে। এর পরে কার্যক্রম শুরু হবে। আয়ুষ দপ্তরের প্রোটোকল মেনে এই কর্মসূচি হবে।

    এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যোগ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এই প্রথম ১২তম যোগ দিবসে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এ বার পশ্চিমবঙ্গ এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কার্যক্রম সফল হয়ে একটি রেকর্ড তৈরি করতে পারবে।’ মুখ্যমন্ত্রীর কথায়, যোগ দিবস পালন সারা পৃথিবীতে একটি সমাদৃত ও সময়োপযোগী কার্যক্রম হিসেবে গৃহীত হয়েছে। বিশ্বের ১৭৫টির বেশি দেশ যোগ দিবস পালনের মাহাত্ম্যকে গ্রহণ করেছে।

    এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আয়ুষ দপ্তরের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। তাঁর কথায়, ‘যোগ যখন আমাদের দৈনিক জীবনের অঙ্গ হয়ে যায়, তখন সেটা কেবল এক ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ ও রাষ্ট্রকে ক্ষমতাবান করে তোলে। আসুন, আমরা সকলে মিলে আন্তর্জাতিক যোগ দিবস, ২০২৬-এর অনুষ্ঠানকে সফল করি।’

  • Link to this news (এই সময়)