• ফের খুলল ভূমি ধসে বিপর্যস্ত ১০ নং জাতীয় সড়ক
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে একাধিক ভূমিধসের জেরে সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত জাতীয় সড়ক ১০-এ যান চলাচল ব্যাহত হয়। গ্যাংটক জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকালে সিংতাম ও রংপোর মধ্যবর্তী তিন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল এটিটিসি কলেজ সংলগ্ন এলাকা (৬০.৬০০ কিলোমিটার), সিংতাম টানেল পোর্টাল (৬০.৫০০ কিলোমিটার) এবং ২০ মাইল এলাকা (৬০.২০০ কিলোমিটার)। ভূমিধসের জেরে জাতীয় সড়কের উপর বিপুল পরিমাণ পাথর, মাটি ও ধ্বংসাবশেষ জমে গিয়েছে। ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম দ্রুত যন্ত্রপাতি ও কর্মী মোতায়েন করে। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, আবহাওয়া ও পাহাড়ের স্থিতিশীলতার উপর নির্ভর করে রাস্তা পরিষ্কার করতে অন্তত পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। সেই সময় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

    টানা কয়েক ঘণ্টার জোরকদমে উদ্ধার ও পরিষ্কার অভিযানের পর অবশেষে ২০ মাইল এলাকায় জমে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা সম্ভব হয়। এরপর ফের ওই পথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

    রাস্তা চালু হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপো, সিংতাম, গ্যাংটক এবং শিলিগুড়িমুখী যানবাহন চলাচল। তবে প্রশাসন ও জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম-এর পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এলাকায় এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢাল থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)