• যোগা দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসে কী কী বিশেষ পদক্ষেপ?
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • মিল্টন সেন 

    বিশ্ব যোগা দিবস কর্মসূচিতে সকল নাগরিকের সক্রিয় যোগদান নিয়ে আশাবাদী প্রশাসন। তার আগে বৃহস্পতিবার হুগলি জেলা প্রশাসনের তরফে পশ্চিমবঙ্গ দিবস এবং বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার হুগলি জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব।

    বৈঠকে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে হুগলিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সফর সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

    পাশাপাশি, ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলাজুড়ে একাধিক কর্মসূচির কথাও জানানো হয়। জেলাশাসক ও পুলিশ কমিশনার যৌথভাবে জেলার সকল নাগরিককে বিশ্ব যোগা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

    এদিন তাঁরা যোগা দিবসের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধও করেন। বলেন, এই উদ্যোগের লক্ষ্য, যাতে মানুষ এই স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপনের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন।

    হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ দিবস ও বিশ্ব যোগা দিবস উভয় অনুষ্ঠানই সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন সবরকম ভাবে প্রস্তুত।

    জেলার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই এই কর্মসূচিগুলিকে আরও সফল করে তুলবে তা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, গত ৭ জুন থেকে প্রত্যেক দিন যোগা অনুশীলন করা হচ্ছে। প্রতিদিন অনুশীলনে যোগ দিচ্ছেন তিনি নিজেও।

    থাকছেন ডিসি পদমর্যাদার আধিকারিক থেকে এডিসিপি, এসিপি, ইন্সপেক্টর কনস্টেবল সহ পুলিশের সমস্ত স্তরের আধিকারিক এবং কর্মীরা। পুলিশ লাইনের ময়দানে প্রতিদিন ৮২১ জন পুলিশ কর্মী এই শিবিরে অংশ নিচ্ছেন।

    তার সঙ্গে চলছে রেজিস্ট্রেশন। এর লক্ষ্য অনন্ত ১০০০ মানুষকে এই যোগা দিবসের কর্মসূচিতে যোগদান করানো। জেলা প্রশাসনের সর্ব স্তরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)