• নাড়ুগোপাল দুবাই পালাবেন? বিস্ফোরক দাবি অধীরের
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে নাড়ুগোপাল মুখার্জি সরে দাঁড়াতেই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

    বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী দাবি করেন, তাঁর কাছে খুব বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে নাড়ুগোপাল মুখার্জি বহরমপুর থেকে বেঙ্গালুরু হয়ে দুবাই পালিয়ে যাবেন।

    অধীর বলেন, ‘আমার কাছে খবর রয়েছে বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপুল টাকা ইতিমধ্যেই দুবাইতে সরিয়ে ফেলেছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কোটি কোটি টাকা দুবাইতে পাঠানো শুরু করেছিল। এখন ও ব্যাঙ্গালোর যাবে। তার কিছুদিনের মধ্যেই দুবাই পালিয়ে যাবে।’

    প্রাক্তন কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন, বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বেঙ্গালুরুতে বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন নাড়ুগোপাল মুখার্জি।

    তিনি জানিয়েছেন, ‘পুরসভা চালাতে কিছু সমস্যা হচ্ছিল। তাই পদত্যাগ করলাম।’ অধীর আরও অভিযোগ করেন, ‘এতদিন এখানকার এক নির্বাচিত বিজেপি নেতা তাঁকে রক্ষা করছিল। এখন মানুষের চাপ এবং প্রতিবাদের কাছে সেই নেতা আর পারল না। তাই এখন পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে শহর ছেড়ে পালাতে হচ্ছে।’

    অধীর বলেন, ‘বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের কাছে আমার দাবি ছিল অন্যান্য শহরের পুরসভার চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে অভিযান হচ্ছে এবং তাঁরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু বহরমপুর পুরসভার চেয়ারম্যানকে রক্ষা করা হচ্ছিল। বিজেপি নির্বাচিত ওই নেতা কেনই বা পুরসভার চেয়ারম্যানকে এতদিন ধরে রক্ষা করলেন।’

    যদিও অধীর চৌধুরীর এই দাবির পরিপ্রেক্ষিতে বহরমপুর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, ‘আমার এমন কোনও  পরিকল্পনা নেই। অধীর চৌধুরী এবং তাঁর স্ত্রী বহরমপুর পুরসভা এলাকায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। সেগুলো প্রকাশ্যে আনব। তাই অধীর চৌধুরী এখন থেকেই আমার নামে কুৎসা রটানো শুরু করেছেন। খুব শীঘ্রই বহরমপুরবাসী জানতে পারবেন অধীর চৌধুরীর স্ত্রী কীভাবে বহরমপুরে বেআইনিভাবে জলাশয় ভরাট করেছেন।’

    অন্যদিকে, বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, ‘প্রাক্তন কংগ্রেস সাংসদ বহরমপুর পুরসভা এবং তার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে যা বলছেন তা সবই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর। অথচ বহরমপুর পুরসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর নিজের দলের লোক। কিন্তু সেই বিরোধী দলনেতা বহরমপুর পুরসভার দুর্নীতি নিয়ে কোনও কথা বলছেন না। যাবতীয় কথা প্রাক্তন কংগ্রেস সাংসদ বলছেন।’

    তিনি আরও বলেন, ‘আসলে অধীর চৌধুরী জানতেন তৃণমূলের শাসনকালে এই সমস্ত কথা বললে তাঁর কপালে মার জুটত। বিজেপি ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। পশ্চিমবঙ্গে যত চোর ধরা পড়েছে তা সবই কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই ধরেছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ বলুন বা নাই বলুন আইন নিজের পথে চলবে। কেউ দুর্নীতি এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা বিজেপি সরকার অবশ্যই নেবে।’

    অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর পুরসভা থেকে বেরোনোর সময় নাড়ুগোপাল মুখার্জির গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়েন কিছু বিজেপি সমর্থক। যদিও সেইসময় পুরসভার সামনে প্রচুর পুলিশ থাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
  • Link to this news (আজকাল)