বিভাস ভট্টাচার্য: একশো বা দুশো নয়। দু'হাজার বা তিন হাজারও নয়। পেট থেকে বেরলো একেবারে পাঁচ হাজার পাথর! কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে হল এই অস্ত্রোপচার। হাসপাতালের চিকিৎসকদের কথায়, এত বিপুল সংখ্যক পাথর সাধারণত দেখা যায় না।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা বছর ৫৭-র রোগী একজন পুরুষ। পেশায় আইনজীবী। তিন মাস আগে পেটে ব্যাথা অনুভব করতে থাকেন। প্রথমে অল্প অল্প ব্যাথা অনুভব করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাথার প্রকোপ বাড়তে থাকে। প্রথমদিকে ব্যাথা কমানোর ওষুধ খেয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনলেও সমস্যা গুরুতর হওয়ায় শেষপর্যন্ত এম আর বাঙ্গুর হাসপাতালে এসে আউটডোর-এ দেখান। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন রোগীর পিত্তথলিতে পাথর তৈরি হয়েছে। যার জেরে ব্যাথা এবং অন্যান্য উপসর্গ তৈরি হয়েছে। অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে।
বৃহস্পতিবার সফলভাবেই অস্ত্রোপচার করা হয় রোগীর। সার্জেন ডাঃ নিলয় নারায়ণ সরকারের নেতৃত্বে এক ঘন্টার কাছাকাছি ধরে চলা এই অস্ত্রোপচারের পর রোগীর পিত্তথলি থেকে পাঁচ হাজারের কাছাকাছি পাথর বের করা হয় বলে জানা গিয়েছে। সঙ্গে ছিলেন দুই অ্যানেস্থেসিস্ট ডাঃ ব্রজেন্দ্রনাথ দাস এবং ডাঃ হিমালয় দত্ত। সহযোগী হিসেবে ছিলেন নার্স স্নেহা সামন্ত। রোগী এখন বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সফল এই অস্ত্রোপচারের পর হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্কর অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মীদের।