আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে বিতর্ক, মমতা ব্যানার্জির বাড়ির নিরাপত্তা নিয়ে। বুধ রাতে ডেরেক ও'ব্রায়েন ভিডিও পোস্ট করেন মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে। জানান, তাঁর প্রায় দু'দশকের সময়ের পিএসও'দের সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর নিরাপত্তায় নতুন যে তিনজনকে নিয়োগ করা হয়েছে, তাঁদের রাখতে রাজি হননি মমতা ব্যানার্জি। যদিও প্রশাসন থেকে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, সব পক্ষের দাবি, পিএসও'দের বদলি 'রুটিন বদলি'। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে 'মমতার সৈনিক'রা। বৃহস্পতিবার শোভনদেব-কুণাল-মদন মিত্ররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেও মমতার নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে বলে খবর সূত্রের।
তার মাঝেই সমানে এসেছে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের একটি মন্তব্য। অগ্নিমিত্রা মমতা ব্যানার্জির নিরাপত্তা প্রসঙ্গে বলেন, 'দেখুন সেটা তাঁর ব্যাপার, তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন না কেন্দ্র সরকারের নিরাপত্তা নেবেন।'
তারপরেই একপ্রকার বোমা ফাটান অগ্নিমিত্রা। 'স্বচ্ছতা মে স্বাগত' কর্মসূচিতে মন্ত্রী বলেন, 'বাইরের লোকের থেকে তো তাঁর পরিবারের লোকের কাছ থেকে সবথেকে ভয়ের। এর আগেও আমরা বহু ঘটনা দেখেছি এবং শুনেছি, সত্য-মিথ্যা জানি না, পরিবার থেকে খুব একটা ওঁ সেফ নন। সিকিওর নন। সেখানে তাঁকে কে বাঁচাবে। রাজ্য সরকারের সুরক্ষা নেবেন, না নেবেন সম্পূর্ণ তাঁর ব্যাপার।'
বুধবার রাতে ডেরেক জানিয়েছিলেন, তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে বর্তমানে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। ঘটনায় আতঙ্কিত তৃণমূল সাংসদ জানান, মমতার কালীঘাটের বাড়ির প্রবেশপথ আটকে রাখার জন্য তিনি তাঁর গাড়িটিকে দাঁড় করিয়ে রেখেছেন।
সাংসদ সাগরিকা ঘোষ এক্স বার্তায় লেখেন, 'এটি অত্যন্ত উদ্বেগজনক। কেন দিদির দীর্ঘদিনের নিরাপত্তা কর্মীদের হঠাৎ প্রত্যাহার করা হল এবং কেন গভীর রাতে তাঁকে কোনও নিরাপত্তা ছাড়াই ফেলে রাখা হল? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলায় প্রতিহিংসাপরায়ণ রাজনীতির এক অবিশ্বাস্য খেলা চলছে।'