• সুশান্ত ঘোষের গ্রেপ্তারি যেন সাউথের অ্যাকশন সিনেমা!
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন সুশান্ত ঘোষ। তাঁর বিরুদ্ধে কলকাতার আনন্দপুর থানায় ইতিমধ্যেই চলতি বছরেই চারটি তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজির অঙ্কটা কোনও  ছোটখাটো বিষয় নয়, এর পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি! এই বড়সড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সুশান্ত ঘোষ ছাড়াও এখনো পর্যন্ত আরও সাতজনকে গ্রেপ্তার করেছে লালবাজার পুলিশ। অর্থাৎ, এই চক্রে জড়িত থাকার অপরাধে মোট আটজন এখন পুলিশের জালে।

    সুশান্ত ঘোষকে গ্রেপ্তারের পুরো অপারেশনটি ছিল সিনেমার গল্পের মতোই রোমাঞ্চকর। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ওড়িশায় পৌঁছায়। গতকাল সকাল থেকেই ওড়িশার এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন সুশান্ত। পুলিশও দূর থেকে তাঁদের ওপর কড়া নজর রাখছিল। এরপর সন্ধ্যায় তাঁরা পুরীর একটি ধাবা বা রেস্তোরাঁয় খেতে বসেন। এসটিএফ-এর গোয়েন্দারা তখনো দূর থেকে ওত পেতে ছিলেন। খাওয়া-দাওয়া শেষে ওড়িশার ওই ব্যক্তি সুশান্তর কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই, সুশান্তকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে এসটিএফ।

    আজ সকালেই সুশান্ত ঘোষকে ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসা হয় এবং লালবাজারে কিছু সময় জিজ্ঞাসাবাদের পর আজই তাঁকে আদালতে তোলা হয়েছে। ১০০ কোটির এই বিপুল তোলাবাজি চক্রের শিকড় কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তা জানতে ধৃতদের জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে লালবাজারের শীর্ষ কর্তারা।
  • Link to this news (আজকাল)