আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর প্রায় ১৯১ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতায় বড়সড় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বুধবার কলকাতার আটটি জায়গায় তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই জানিয়েছে, এম/এস টান্টিয়া কনস্ট্রাকশন লিমিটেড, এম/এস ব্রহ্ম অ্যালয়েজ লিমিটেড এবং এম/এস অমৃত ফিডস লিমিটেডের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
সিবিআইয়ের অভিযোগ, টান্টিয়া কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ৭৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সংস্থার ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অভিযোগ অনুযায়ী, ব্যাঙ্ক থেকে নেওয়া ক্যাশ ক্রেডিট ও টার্ম লোনের অর্থ অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, এই অর্থ সহযোগী ও অধীনস্থ সংস্থাগুলির দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছিল।
এছাড়াও নন-স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। অন্য আর একটি মামলায় এম/এস ব্রহ্ম অ্যালয়েজ লিমিটেডের বিরুদ্ধে পিএনবির প্রায় ৫৮ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
সংস্থার শীর্ষকর্তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। অভিযোগ, ক্যাশ ক্রেডিট সুবিধার অর্থ গোষ্ঠীভুক্ত সংস্থার শেয়ারে বিনিয়োগ এবং হিসাবপত্রে কারচুপির মাধ্যমে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল।
আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, অমৃত ফিডস লিমিটেড নামক একটি সংস্থার বিরুদ্ধেও। এম/এস অমৃত ফিডস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে।
সংস্থার ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অভিযোগ, ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে নেওয়া অর্থ অপব্যবহার ও তছরুপ করা হয়েছে।
সিবিআইয়ের তথ্য অনুযায়ী, তিনটি পৃথক মামলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯১ কোটি টাকা। তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।