আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে কলকাতার উত্তর ভাগে কাশিপুর থানা এলাকার এক কারখানায় ডাকাতি। একই সঙ্গে চলল কয়েক রাউন্ড গুলি। বুধবার মধ্যরাত তিনটে নাগাদ কাশিপুর থানা এলাকায় এক অ্যালমুনিয়াম ফ্যাক্টরিতে ১০ থেকে ১২ জন দুষ্কৃতীরা ডাকাতি করতে আসে।
জানা গিয়েছে, সেই সময় কারখানাটি বন্ধ ছিল। কারখানা বন্ধ থাকলেও সেখানে সুরক্ষার দায়িত্বে ছিলেন দুজন সিকিউরিটি গার্ড এবং দুই থেকে তিনজন কর্মচারী।
পুলিশ সূত্রে খবর, কর্মীদের বয়ান অনুযায়ী, এত জন মিলে কারখানায় ডাকাতি করতে ঢুকলে কারখানার সিকিউরিটি গার্ড ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং লুকিয়ে পড়েন। সেই সময় দুষ্কৃতীরা ওই কারখানা থেকে বেশ কিছু জিনিসপত্র, দামী অ্যালমুনিয়াম তুলে নিয়ে যায়। অনুমাম, এর বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। চলে যাওয়ার সময় ওই দুষ্কৃতীরা ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চালায় বলেও পুলিশ সূত্রে খবর।
ঘটনার জেরে আতঙ্কিত কারখানার কর্মীরা স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করে খবর দিলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা এসে কারখানা ও তার আশেপাশের এলাকায় তদন্ত শুরু করে। কারখানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দুষ্কৃতীদের কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ।
প্রশ্ন উঠেছে, এতজন মিলে কারখানায় ডাকাতি করতে আসার পরও কারখানার সিকিউরিটি গার্ডরা কেন চুপ করেছিলেন? কেনই বা তারা প্রতিবাদ করেননি?
ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি দুষ্কৃতীদের সঙ্গে কারখানার কর্মীদের কোনও যোগসাজশ ছিল কিনা তাও খতিয়ে দেখা চলছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের পাকড়াও করা হবে। কারখানা ও স্থানীয় সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা চলছে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।