• যোগা দিবসে ভোর ৪টে থেকে মিলবে মেট্রো
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান এবং নিটের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে বলে জানাল কলকাতা মেট্রো।

    শুধু তাই নয়, রবিবার সকাল ৯টার বদলে ভোর ৪টে চলবে মেট্রো। জানানো হয়েছে, রবিবার কলকাতার ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে বাড়তি পরিষেবা চালানো হবে। 

    মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার যাঁরা রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যাবেন এবং যাঁরা নিটের পরীক্ষার্থী রয়েছেন তাঁদের যাতায়াতের সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তবে দিনের প্রথম মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হলেও শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

    কীরকম হবে রবিবারের মেট্রোর সময়সূচি?

    ব্লু লাইনে আগামী রবিবার মোট ২১৪টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে। অন্যান্য রবিবারে মোট ১৫২টি পরিষেবা চালানো হয়। সেখানে আগামী রবিবার অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ব্লু লাইনে আপ ও ডাউন দুই দিকেই ১৪ মিনিট ও ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।

    রবিরা প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৪টে নাগাদ। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেবে প্রথম ট্রেন। এর পাশাপাশি, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে একটি স্পেশাল মেট্রো চলবে ভোর ৪টে নাগাদ।

    গ্রিন লাইনে রবিবার মোট ১৭৩টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ৮৭টি আপ এবং ৮৬টি ডাউন পরিষেবা থাকবে। অন্যান্য রবিবারে এই লাইনে ১০৮টি ট্রেন চালানো হয়। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত গ্রিন লাইনে দুই দিকেই ১৫ মিনিট এবং ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর স্বাভাবিক রবিবারের পরিষেবা চালু থাকবে।

    গ্রিন লাইনে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৪টে নাগাদ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে রওনা দেবে দিনের প্রথম ট্রেন পর্যন্ত। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪.০২ মিনিটে।

    ইয়েলো লাইনেও বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা। যোগা দিবসের দিন এই শাখায় মোট ১১২টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ৫৬টি আপ এবং ৫৬টি ডাউন পরিষেবা থাকবে। অন্যান্য রবিবারে ইয়েলো লাইনে ৭৮টি পরিষেবা চালানো হয়।

    ভোর ৪টা ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ইয়েলো লাইনে ১৮ মিনিট ও ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। ইয়েলো লাইনে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪টা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশে এবং ভোর ৪টা ৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে।

    মেট্রো রেল জানিয়েছে, ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। তবে রবিবার পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)