আজকাল ওয়েবডেস্ক: এক তথ্য সামনে আসতেই, তোলপাড় বঙ্গ রাজনীতি। জানা যায়, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিজ' করার আর্জি জানিয়ে ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, গত ১২ জুন এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি লিখে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিজ' করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। এবার তৃণমূলের কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও নতুন করে তৈরি হল সঙ্কট।
জানা যায়, ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন, তিনিই দলের কোষাধ্যক্ষ। নির্ভবাচনের পরেই দলের অন্দরে বিক্ষোভ চলছে। বহু সাংসদ, বিধায়ক বিদ্রোহ করেই দলে ছেড়েছেন। অশান্তিও থামার নাম নেই। এই আবহে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়েও বিস্তর অশান্তি সৃষ্টি হয়েছে। এই অস্থিরতার আবহে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে পরিচালনা করবেন, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অরূপের আশঙ্কা, এই অশান্তির আবহে দলের অফিসে রাখা এবং তাঁর স্বাক্ষর করে রাখা ব্যাঙ্ক চেকগুলির অপব্যবহার হতে পারে।
কিন্তু তারপর থেকেই প্রশ্ন ওঠে অপর এক বিষয়েও। সমানে আসে, ৫ জুন, মমতা ব্যানার্জি ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে যে সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেই প্রসঙ্গ। কারণ সেই সিদ্ধান্ত অনুযায়ী অরূপ কি ১২ জুনের চিঠিতে কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারেন?
বিভ্রান্তি নিরসনে এবার এগিয়ে এলেন কুণাল ঘোষ। তিনি জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই, বার্তা সামনে আনছেন। তারপরেই বলেন, 'দলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে অরূপ বিশ্বাস, আমাদের কোষাধ্যক্ষ ছিলেন।' তিনি বলেন, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী, ছিলেন। কিন্তু ৫জুন ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত হয়, এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।' দলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে অরূপ বিশ্বাস, আমাদের কোষাধ্যক্ষ ছিলেন।'