• ছেলে এখন বিধায়ক! তবুও ডেউচা বাসস্ট্যান্ডে চা-তেলেভাজা বিক্রি করছেন কৃষ্ণকান্তের বাবা
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • : গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। বীরভূমের সাঁইথিয়া বিধানসভা থেকে জয়ী প্রার্থী তথা বিধায়ক হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। ছেলে বিধায়ক, তবে ছেলে বিধায়ক হলেও বাবা কিন্তু এখনও ভুলে যাননি নিজের পুরনো ব্যবসা, বরং ছেলের বিধায়ক হওয়ার পরেও এখনও পর্যন্ত মুদির দোকান, তেলেভাজা, চা বিক্রি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বাবা। আর এমন চিত্র দেখে স্বাভাবিকভাবেই কর্মই ধর্ম, এমনই শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে।

    যে বিধায়ক এবং তাঁর বাবার কথা বলা হচ্ছে তিনি হলেন বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ও তাঁর বাবা আনন্দমোহন সাহা। ছেলে বিধায়ক হয়েছে, চাইলে বাবা আনন্দমোহন সাহা এখন রাজকীয়ভাবে ঘুরে বেড়াতে পারতেন। কিন্তু সেটা না করে নিজের কর্মকেই ধর্ম হিসেবে বেছে নিয়ে সেই আগের মতোই চা থেকে শুরু করে তেলেভাজা মুদির দোকান চালাচ্ছেন।

    বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবা আনন্দমোহন সাহার এই ছোট্ট দোকানটি রয়েছে বীরভূমের ডেউচা গ্রামে। তিনি জানিয়েছেন, তাঁরা বংশপরম্পরায় ব্যবসা করে আসছেন। অন্যান্যরাও ব্যবসা করেন। গল্প করতে করতে এমন অনেক কথাই শোনা গেল তাঁর মুখ থেকে। বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবার চা, তেলেভাজা ও মুদিখানার যে দোকানটি রয়েছে সেটি ডেউচা বাসস্ট্যান্ডের কাছেই। সেখানেই তাদের বাড়ি।

    আর এখন ছেলে বিধায়ক হলেও বাবা একেবারে আগের মতো মাটির মানুষ হয়ে এলাকার মানুষের সঙ্গে মেলামেশা করেন, নিজের ব্যবসা করেন। শুধু বাবা মাটির মানুষ তা নয়, বিধায়ক হয়ে কৃষ্ণকান্ত সাহাও সেই মাটির মানুষই রয়ে গিয়েছেন। হামেশাই তাকে দেখা যায়, আর পাঁচটা সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে মিলেমিশে কথা বলতে, বিভিন্ন জায়গায় ছুটে যেতে। আনন্দ মোহন সাহা জানিয়েছেন, তাঁর ছেলে কৃষ্ণকান্ত সাহা বিধায়ক হয়েছেন তাঁর কাজ করার জন্য নয়, জনগণের কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য। আগামী দিনেও আনন্দ মোহন বাবু এই দোকান চালিয়ে যাবেন বলে জানান তিনি।
  • Link to this news (News18 বাংলা)