• রেড রোডেই কেন যোগ দিবসের উদযাপন? জবাব দিলেন CM শুভেন্দু
    আজ তক | ১৯ জুন ২০২৬
  • ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর এই বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে আগামিকাল, শুক্রবার থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। সে দিন ভোরে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত যোগ ম্যারাথন  হবে। শনিবার হুগলি নদীর ধারে এবং নদীবক্ষে বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে সন্ধ্যায়। রবিবার ভোর থেকে রেড রোডে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান হবে। সেখানেও থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ৩৮ হাজার মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে  নাম নথিবদ্ধ করেছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন কেন রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান করতে হচ্ছে।

    প্রসঙ্গত, প্রতিবছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে যোগ দিবস উপলক্ষে রাজ্যে তিনদিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী বলেন, 'মূল অনুষ্ঠান হবে রেড রোডে। ৬.১৫ মিনিটে জমায়েত, আধ ঘণ্টা পর শুরু হবে মূল কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।'রেড রোডে কেন এই অনুষ্ঠান হচ্ছে এদিন সেই জবাবও দেন শুভেন্দু। বলেন , 'বর্ষার সময় এসে গিয়েছে। জল-কাদার সমস্যা হতে পারে। বর্ষা ও কর্দমাক্ত মাটি থাকার জন্য রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে।'

    আগামী রবিবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেগা কর্মসূচির কারণে টানা সাত দিন রেড রোডে সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, বর্তমান সরকার যেখানে রাস্তায় নামাজ পড়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে কোন যুক্তিতে কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা ‘রেড রোড’ আটকে এই ধরনের যোগ দিবসের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হচ্ছে?

    অনেকেই প্রশ্ন তুলেছেন, ইদের নামাজের জন্য যেখানে রেড রোড দেওয়া বন্ধ করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর আসনের জন্য কেন সাত দিন রাস্তা বন্ধ রাখা হচ্ছে। এটি সরকারের চরম ‘দ্বিচারিতা’ বলেও কটাক্ষ করা হচ্ছে। এবার সেই প্রশ্নেরই জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
  • Link to this news (আজ তক)