দুর্গাপুজোয় বড় চমক! সবচেয়ে বড় মাটির দুর্গা প্রতিমা এবার নদিয়ায়, প্রস্তুতি তুঙ্গে
News18 বাংলা | ১৯ জুন ২০২৬
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসবের সূচনা হয়ে গেল নদিয়ার কল্যাণী সংলগ্ন গয়েশপুর পৌর এলাকার মানিকতলা অগ্রগামী ক্লাব প্রাঙ্গণে। ধুমধাম করে অনুষ্ঠিত হল ক্লাবের ৫৮ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো। গত কয়েক বছর ধরে করোনা পরিস্থিতি এবং নানা পারিপার্শ্বিক কারণে ক্লাবের পুজো কিছুটা জৌলুস হারিয়েছিল।
তবে সমস্ত বাধা কাটিয়ে এবার আবারও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এই ঐতিহ্যবাহী ক্লাব সংগঠনটি। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মানিকতলা অগ্রগামী ক্লাবের কর্মকর্তাদের মতে, এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে “মাটির তৈরি সবচেয়ে বড় দুর্গা প্রতিমা”।
ক্লাবের পুজো কমিটির সম্পাদক তাপস বোস জানান, গয়েশপুরের বুকে তো বটেই, এমনকি কল্যাণী এলাকাতেও এই ধরনের বিশাল আকারের মাটির প্রতিমা এর আগে খুব একটা দেখা যায়নি। প্রায় ৩২ ফুট উচ্চতার এই মাটির প্রতিমাটি দর্শনার্থীদের জন্য এক নতুন চমক হতে চলেছে। গয়েশপুর মিউনিসিপালিটির অন্তর্গত এই পুজো একসময় প্রথম স্থান অধিকার করেছিল এবং এদের একটি নিজস্ব ঐতিহ্য ছিল। মাঝে পাঁচ বছর বন্ধ থাকার পর এবার নতুন রূপ ও জৌলুস নিয়ে পুজোকে বড় আকারে উপস্থাপনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা শ্রী নাড়ুগোপাল ঘোষ এবং কমিটির সভাপতি তাদের বক্তব্যে জানান, এই পুজোকে সফল করতে পাড়ার মা-বোনেরা ও ক্লাবের যুবকেরা একজোট হয়ে উদ্যোগ নিয়েছেন। তাঁদের লক্ষ্য, প্রতি বছর পুজো দেখতে সাধারণ মানুষ যেমন কল্যাণীর দিকে ছোটেন, এবার যেন সেই মানুষরা গয়েশপুরের ঐতিহ্যবাহী মানিকতলা অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপে ভিড় জমান। সংগঠনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের মেলবন্ধনে এই খুঁটি পুজো দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। ক্লাব সদস্যদের আশা, এই ৩২ ফুটের মাটির দুর্গা প্রতিমা দেখতে পুজোর দিনগুলোতে দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থীর সমাগম ঘটবে এবং এই বড় প্রতিমা দেখার জন্য সকলের উদ্দেশ্যে খোলামনে আমন্ত্রণ জানানো হয়েছে।